জামালগঞ্জের সুরমা তীরে ‘টমেটো বিপ্লব’, প্রয়োজন হিমাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিনবার অকাল বন্যা ও পাহাড়ি ঢলে হাওরের ফসল হারিয়ে এক রকম দিশেহারা হয়ে পড়েছিলেন ইনতাজ মিয়া। কী করবেন, পরিবারের লোকজনের খাওয়া-পরার কী উপায় হবে, কিছু ভেবে পাচ্ছিলেন না। একপর্যায়ে সুরমা নদীর তীরে পতিত জমিতে টমেটো চাষের কথা মাথায় আসে তাঁর। ধারদেনা করে কিছু টাকা জোগাড় করে ২৮ শতক জমিতে টমেটোর চাষ করেন তিনি। সেই থেকে শুরু। এখন আর শুধু হাওরের ফসলের ওপর তাঁকে নির্ভর করতে হয় না। টমেটো চাষে তাঁর ভাগ্য ফিরেছে। শুধু ইনতাজ মিয়াই নন, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১৫টি গ্রামের মানুষ এখন ফসলের সঙ্গে শীতের মৌসুমে টমেটো চাষ করেন। সংসারের অভাব-অনটনের সঙ্গে লড়াই করে ভাগ্য বদলের চেষ্টায় তাঁরা সুরমা নদীর তীরে নরম পলিতে ঘটিয়েছেন ‘টমেটো বিপ্লব’। তবে হিমাগার না থাকায় এত কষ্টে ফলানো টমাটো সংরক্ষণ সংকটে আছেন এসব চাষি।জামালগঞ্জ উপজেলা সদরের পাঁচ কিলোমিটার পশ্চিমে সদর ইউনিয়নের সুরমা নদীর দুই তীরজুড়ে এই টমেটো চাষ হচ্ছে। পাশেই হালির হাওর, যেখানে এলাকার মানুষ প্রতিবছর বোরোর চাষ করেন। এই এক ফসলি জমির ওপরই একসময় নির্ভরশীল ছিলেন ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ। জমিতে ফসল লাগিয়ে কৃষকেরা চিন্তায় থাকতেন অকাল বন্যা ও পাহাড়ি ঢল নিয়ে। ঢলের পানিতে ফসল তলিয়ে গেলে কৃষক পরিবারে আকাশ ভেঙে পড়তো। দুর্ভোগের সীমা থাকতো না। বছরটি তাদের কাটাতে হতো চরম অভাবে।সদরকান্দি গ্রামের শরিফ উদ্দিন টমেটো চাষ করছেন পাঁচ বছর ধরে। প্রথমে তিনি সামান্য জমিতে চাষ শুরু করলেও এখন এলাকার সবচেয়ে বেশি জমিতে টমেটো লাগান তিনি। শরিফ জানান, এবার প্রায় ১২ কিয়ার জমিতে টমেটো লাগিয়েছেন। টমেটোচাষি আজমান আলী, ইকরাম মিয়া, আবদুল খালিক জানান, দুই-তিন দিন পরপর টমেটো গাছ থেকে তুলে বিক্রি করতে হয়। কিন্তু এখানে রাখার কোনো ব্যবস্থা নেই। এজন্য অনেক সময় কম দামে বিক্রি করতে হয়। হিমাগার থাকলে সময় মতো ভালো দামে বিক্রি করা যেত। এতে তাঁরা আরও লাভবান হতেন। তাছাড়া টমেটো গাছ থেকে তোলার পর বেশি সময় রাখা যায় না। এই সুযোগটা পাইকারি ক্রেতারা নিয়ে থাকেন। এতে কৃষকদের ক্ষতি হয় কিন্তু পাইকারেরা লাভবান হন। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ বলেন, ‘হাওরের জমিতে ফসল লাগিয়ে সেই ফসল গোলায় তুলতে পারবো কি না, এই চিন্তায় থাকতে হয় হাওরের কৃষকদের। জামালগঞ্জের বেশ কিছু গ্রামের কৃষক এখন টমেটোসহ নানা জাতের সবজি চাষ করে নিজের ভাগ্য বদলে দিয়েছেন। এখানে সবজি রাখার জন্য একটি হিমাগার স্থাপন জরুরি হয়ে পড়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল জলিল বলেন, ‘পুরো জেলায় এবার প্রায় সাত হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। জামালগঞ্জে কয়েক বছর ধরে প্রচুর টমেটোর চাষ হচ্ছে। এজন্য আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি। সেখানে একটি হিমাগার (কোল্ডস্টোরেজ) স্থাপন করা দরকার। কিন্তু সরকারিভাবে সুনামগঞ্জে কোনো হিমাগার স্থাপনের পরিকল্পনা নেই।’