জামালপুর আদালতে ডাকাতি, নথিপত্র তছনছ
জামালপুর জেলা জজ আদালতে গতকাল সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা দ্বিতল ভবনের এই আদালতে মুখ্য বিচারিক হাকিমের কক্ষসহ ১৮টি কক্ষের নথিপত্র তছনছ করেছে। প্রাথমিকভাবে মালখানা থেকে নগদ ৯৪ হাজার টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন মালখানার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের ছয় নৈশপ্রহরী এবং এক ঝাড়ুদারকে আটক করা হয়েছে।সরেজমিনে আদালত প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, আদালতের জেলা ও দায়রা জজের এজলাস কক্ষ ছাড়া আদালতের ওপরে এবং নিচের তলার ১৮টি কক্ষের মেঝেতে নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় উপস্থিত সিনিয়র সহকারী জজ তারেক মইনুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ডাকাতেরা কক্ষগুলোর নথিপত্র তছনছ করলেও কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য বহনযোগ্য মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি। এসআই মো. গিয়াস উদ্দিন জানান, ডাকাতেরা নিচতলার কয়েদখানার পাশে মালখানার দরজা ভেঙে কিছু মালামাল লুট ও তছনছ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, ডাকাতি এবং আতঙ্ক সৃষ্টির জন্যই হয়তো সংঘবদ্ধ দুর্বৃত্তেরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিন বলেন, দুর্বৃত্তেরা ছয়জন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে লাইব্রেরি কক্ষে আটকে রেখেছিল। সকালে তাঁদের উদ্ধার করা হয়। পুলিশ এবং আদালতের লোকজন অনুসন্ধান ও তদন্তকাজ চালাচ্ছেন। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।