জামালপুর থেকে স্কুলছাত্রীর লাশটি ঢাকায় আনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেন থেকে কার্টনে ভরা অবস্থায় উদ্ধার করা ঢাকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌসের লাশটি আজ সোমবার ঢাকায় আনা হচ্ছে। জামালপুর পৌর কবরস্থান থেকে আজ লাশটি তুলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তারা লাশটি নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর থেকে রওনা হয়।নিহতের বড় ভাই মো. কামরুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের ঊর্ধ্বতন বিচারিক হাকিম মো. জাহাঙ্গীর আলম একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে জামালপুর পৌর কবরস্থান থেকে শিশুটির লাশ তুলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের আদেশ দেন। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শফিকুর রহমানের উপস্থিতিতে আজ বেলা ১১টার দিকে লাশ তোলা হয়। এ সময় নিহত স্কুলছাত্রীর বড় ভাই মো. কামরুজ্জামান ও মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন। লাশ দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। মো. কামরুজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, জান্নাতুলের লাশ প্রথমে ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনার ৫৫৬ নম্বর ভাড়া বাসায় তার বাবা মো. মোশারফ হোসেন ও মা রুনা বেগমের কাছে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উথলী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানা গেছে, ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকার আল সাবাহ একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১০) ঢাকার উত্তরা মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মোশারফ হোসেনের ছোট মেয়ে। আশকোনা এলাকায় ৫৫৬ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলার ভাড়া বাসা থেকে গত বুধবার বিকেলে সে নিখোঁজ হয়।জামালপুর রেলওয়ে থানা সূত্রের বিবরণ অনুযায়ী, জান্নাতুল ফেরদৌসের নিখোঁজ হওয়ার ঘটনায় দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার গভীর রাতে দেওয়ানগঞ্জ রেলস্টেশনে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় কার্টনের ভেতরে মেয়েটির লাশ পাওয়া যায়। এরপর জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় যায়। দলটি দক্ষিণখান থানার পুলিশের সহযোগিতায় শনিবার ভোরে আশকোনায় নিহত জান্নাতুল ফেরদৌসদের বাড়ির মালিক কাজী মহিউদ্দিন মোহনসহ (২৮) দুই যুবককে গ্রেপ্তার করে। অপর যুবক হলেন ওই বাড়ির চারতলার ভাড়াটে আরিফ বিল্লাহ (২৫)। আরিফ নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষার্থী বলে দাবি করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ পৌরসভার মাসকান্দা এলাকায়। আরিফের সঙ্গে মহিউদ্দিনের বেশ সখ্য ছিল।নিহত জান্নাতুল ফেরদৌসের বড় ভাই (বড় মায়ের ছেলে) মো. কামরুজ্জামান বলেন, আরিফ বিল্লাহ বুধবার বিকেল চারটার দিকে চকলেট কিনতে পাঠানোর কথা বলে জান্নাতুল ফেরদৌসকে ডেকে নেন। এরপর থেকে তাঁর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন পত্রিকা ও টেলিভিশনে শিশুর লাশ উদ্ধারের খবর ও লাশের শরীরের জামা দেখে তাঁরা নিশ্চিত হন, লাশটি জান্নাতুল ফেরদৌসের। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা ধারণা করতে পারছেন না কামরুজ্জামান।ওসি শাকের আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন জান্নাতুল ফেরদৌসকে ধর্ষণ ও হত্যার কথা অস্বীকার করেন। ওসি আরও জানান, আরিফের বাসার শোয়ার ঘর থেকে একটি কলম (সাইন পেন), কাগজের বড় একটি কার্টন, মুঠোফোন নম্বর লেখা কাগজ, চকলেট, স্কচটেপ, মদ ও বিয়ারের খালি ক্যান ও কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে। আলামত দেখে মনে হয়, তাঁরা শিশুটির লাশভর্তি কার্টন প্রথমে বেনামে কুরিয়ার সার্ভিসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ধরা পড়ার আশঙ্কায় পরে তা ট্রেনে তুলে দেয়। লাশের সুরতহাল দেখে ধারণা করা হয়, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওসি আরও জানান, মেয়েটির লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর থানায় মামলা করে। এই মামলায় ওই দুই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।