জামালপুরে আসামি ছিনতাই, সংঘর্ষ-গুলিবর্ষণ, পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রাত বুধবার পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার শ্যামপুর ইউনিয়নে ব্র‏হ্মপুত্রের দুর্গম চর কাজাইকাটা গ্রামে মামলার আসামি গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে।গুরুতর আহত পুলিশ সদস্যরা হলেন—সহকারী উপপরিদর্শক (এএসআই) শুভ্র সাহা, খাইরুল ইসলাম ও জহুরুল ইসলাম এবং পুলিশ সদস্য চান মিয়া, মনিরুজ্জামান, ইলিয়াস হোসেন ও আল আমিন। তাঁদের মধ্যে শুভ্র সাহা ও চান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মেলান্দহ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শুভ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল কাজাইকাটা গ্রামে আসামি ধরতে যান। পুলিশ ওই গ্রামের বাসিন্দা ও আসামি আমজাদ মোল্লা ও তাঁর ছেলে বাবুল মোল্লাকে গ্রেপ্তার করে থানায় আনতে তাঁদেরকে নৌকায় তোলেন। এ সময় গ্রামবাসী আমজাদ মোল্লাকে ছিনতাই করে। তখন পুলিশ প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষে ৩০ জন আহত হয়। তবে আহত গ্রামবাসীর পরিচয় জানা যায়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন রাতের ঘটনায় ১৮টি গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কাজাইকাটা গ্রামে ৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রামবাসী আসামি আমজাদ হোসেনকে ছিনিয়ে নিলেও অপর আসামি বাবুল মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।