জামালপুরে এক বখাটের এক বছরের বিনা শ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত শাহাদত হোসেন ওরফে লিজন বাবু (২১) নামের এক বখাটেকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন।জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাঁর কার্যালয়ে এ রায় দেন। জানা গেছে, উত্ত্যক্ত হওয়া ওই ছাত্রী জামালপুর শহরের বজরাপুরে বেসরকারি সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’-এর আবাসিক শেল্টারহোমে আশ্রিত। তার বাবা বেঁচে নেই। শেল্টারহোমের তত্ত্বাবধানে সে স্থানীয় বানিয়াবাজার উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। অভিযোগে জানা গেছে, শহরের শাহপুর এলাকার বখাটে যুবক শাহাদত হোসেন ওরফে লিজন বাবু দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে শেল্টারহোম থেকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি এ ঘটনা তার মাকে এবং শেল্টারহোমের কর্মকর্তাদের জানায়। শাহাদত গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে হঠাত্ শেল্টারহোমে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ওই মেয়েটিকে ভয় দেখিয়ে তার সঙ্গে চলে আসতে বলে। ওই সময় মেয়েটির চিত্কারে স্থানীয় লোকজন এসে শাহাদতকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয় ও থানায় খরব দেয়। পুলিশ শাহাদতকে আটক করে রাতে থানা হেফাজতে আটক রাখে। আজ ভ্রাম্যমাণ আদালতের কাছে মেয়েটি উত্ত্যক্তের অভিযোগ জানায়। পরে আদালত এমন অভিযোগ পেয়ে উভয়পক্ষের সাক্ষ্য গ্রহণ করে এ সাজা দেন। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।