জামালপুরে জঙ্গি সন্দেহে ১২ জন আটক
জামালপুর শহরে খোপিবাড়ী এলাকায় কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে। সদর থানা পুলিশ আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ওই মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করার সময় তাঁদের আটক করে।পুলিশ তাঁদের কাছ থেকে দারুসসালাম মানবকল্যাণ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করেছে।আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর গ্রামের হাফেজ মো. বেলাল হোসেন, জেলার ফুলপুর উপজেলার সন্তোষপুর গ্রামের রুস্তম আলী মল্লিক, আবদুস সাত্তার, ইউনুছ আলী ও হাবিবুর রহমান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চর তেরটেকিয়া গ্রামের ইউনুছ আলী, কুমিল্লা জেলার মইশার গ্রামের জসিম উদ্দিন, দিনাজপুরের কাহারোল উপজেলার হাফিজুর রহমান, রংপুর সদরের ফতেপুর গ্রামের আনোয়ারুল ইসলাম, শেরপুর সদরের রাজবল্লভ গ্রামের মো. সাইফুল্লাহ, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কান্দালি গ্রামের ফখরুল ইসলাম এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশি মধ্যপাড়া গ্রামের আবদুল মান্নান।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলোকে জানান, আটক ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা কোনো নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য হতে পারেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দারুসসালাম মানবকল্যাণ ফাউন্ডেশনে চাকরির সাক্ষাত্কার দিতে তাঁরা সেখানে জড়ো হন বলে দাবি করেছেন। কিন্তু সেখানে ওই নামের কোনো সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের চেষ্টা চলছে।