জামালপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার কম্পপুর এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে গতকাল সোমবার রাতে সোয়া ১১টার দিকে যাত্রীবাহী একটি কমিউটার ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রেনটির ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, দুর্ঘটনার সময় যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে অন্তত ৩০ জন আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জামালপুর সদর থানা-পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি রাত ১১টা ১০ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি জামালপুর কোর্ট স্টেশনে প্রবেশের সময় লাইন ক্লিয়ার পয়েন্টে দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে দমকল কর্মীরা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকার ঠিকাদার আহত মো. আনোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘চলন্ত ট্রেনটি হঠাত্ করে বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে থেমে যায়। এ সময় যাত্রীরা দ্রুত লাফিয়ে নেমে পড়ে। দেখি ট্রেনের বগি ও ইঞ্জিন এলোমেলো কাত হয়ে পড়ে আছে।’আহত শাহজামাল নামের আরেক যাত্রী অভিযোগ করে বলেন, দুর্ঘটনাস্থলে অন্ধকার থাকায় দুর্বৃত্তরা দুর্ঘটনাকবলিত যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকেও ৬০০ টাকা ছিনিয়ে নিয়েছে। জামালপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. লিয়াকত আলী প্রথম আলো অনলাইনকে জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।