জামালপুরে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আন্তনগর ট্রেন ব্র‏হ্মপুত্র এক্সপ্রেসের সঙ্গে যাত্রীবাহী রাজীব পরিবহনের একটি বাসের ধাক্কা লাগার ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। জামালপুর-ময়মনসিংহ রেলপথের জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল কালিবাড়ী লেভেল ক্রসিংয়ে রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে গোলাপ আলী (৬০), আবদুস সালাম (২৫), জয়গুন বেগম (২৩), রওশনা আরা (৫০), আবদুল করিম (২০) ও বাবুল হোসেনকে (২৯) আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা সবাই একই পরিবারের সদস্য এবং বাড়ি শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, ট্রেন এবং বাস দুটোই ঢাকা থেকে জামালপুরে যাচ্ছিল। পথে কানিল কালিবাড়ী লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় যাত্রীবাহী বাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় বাসটির তেমন ক্ষতি হয়নি, কেননা চালক রাতেই বাসটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।