জামালপুরে দুর্বৃত্তদের গুলিতে কম্পিউটার ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুরে গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে শাহ শিখাইয়া ওরফে রোজ (২৫) নামের এক কম্পিউটার ব্যবসায়ী খুন হয়েছেন। দুর্বৃত্তরা রোজকে খুন করে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ শাহ শিখাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম তাঁর ব্যক্তিগত কম্পিউটার মেরামতের জন্য শুক্রবার রাতে নিহত শাহ শিখাইয়াকে নিজ বাড়িতে ডেকে পাঠান। কাজ সেরে রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে বের হতেই অজ্ঞাত দুর্বৃত্তরা শাহ শিখাইয়ার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ শিখাইয়ার বাড়ি ইসলামপুর পৌর এলাকার মৌজা জাল্লা গ্রামে। তিনি ছিলেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। এ ছাড়া তিনি ছিলেন ইসলামপুর হাসপাতাল রোডে এক্সেস কম্পিউটার কমিউনিকেশন নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ ও মেরামতকারী প্রতিষ্ঠানের মালিক। তাঁর বাবা আবদুস সালাম বাংলাদেশ কৃষি ব্যাংক ইসলামপুর শাখার একজন মাঠ কর্মকর্তা।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৌস আহাম্মেদ জানিয়েছেন, দুর্বৃত্তরা শিখাইয়াকে গুলি করে হত্যা করেছে। সুরতহালে লাশের গায়ে গুলি করে হত্যার আলামত পাওয়া গেছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতকাল শুক্রবার রাতে আমার ব্যক্তিগত কম্পিউটার ঠিক করার জন্য শিখাইয়াকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম। কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে তাঁর বেশ ভালো ধারণা ছিল।’