জামালপুরে বগি লাইনচ্যুত
জামালপুরের নরুন্দি রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। ৩৮ নম্বর চট্টগ্রাম মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এ কারণে জামালপুর-নরুন্দি-ময়মনসিংহ-ঢাকা রুটে রেল যোগাযোগ চার ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর সোয়া একটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, আজ শনিবার সকাল সাতটা ৫০ মিনিটে নরুন্দি স্টেশনে ঢোকার সময় ট্রেনটির পেছনে থাকা মালবাহী দুটি বগির চাকা লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। এ সময় ওই ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। ট্রেনের বগি দুটি হেলে পড়ায় এবং সেখানে আর কোনো বিকল্প ট্রেন লাইন না থাকায় জামালপুর-নরুন্দি-ময়মনসিংহ-ঢাকা রুটে রেল যোগাযোগ চার ঘণ্টা ছিল। নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার আবদুর রশিদ প্রথম আলো অনলাইনকে বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহের কেওয়াটখালী থেকে রেলের একটি দল উদ্ধারকারী ট্রেন নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে উদ্ধার করেছে। দুপুর সোয়া একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।