জামালপুরে রেললাইন থেকে গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে রেললাইনের পাথরের নিচ থেকে গতকাল বৃস্পতিবার সকালে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি উদ্ধারের পর সেনাবাহিনী জানিয়েছে, এটি ছিল আর্জেস সেভেনটি টু মডেলের শক্তিশালী গ্রেনেড।জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেললাইনের বিজিবি ক্যাম্পের পাশে রেল কর্মচারীরা লাইন সংস্কারের কাজ করছিলেন। এ সময় রেললাইনের পাথর সরাতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান রেলওয়ের কর্মচারী ডালিম বিশ্বাস। তিনি বিষয়টি কর্মকর্তাদের জানান। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেষ্টনী দিয়ে জায়গাটি ঘিরে রাখে। এরপর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।জামালপুর জংশন রেলওয়ে স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম জানান, বেলা সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল গ্রেনেডটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওই সময়ে আন্তনগর তিস্তা, দেওয়ানগঞ্জ কমিউটার, দেওয়ানগঞ্জ লোকালসহ বেশ কটি ট্রেন আটকা পড়ে।সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিরাজের নেতৃত্বে বোমা বিশেষজ্ঞ দল বিকেল সাড়ে চারটার দিকে জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাউভাঙ্গা চরে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দ হয়।