জামালপুরে শিক্ষিকার ট্রেনে কাটা লাশ উদ্ধার
জামালপুর রেলওয়ে থানা পুলিশ আজ শুক্রবার সকালে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী রেলক্রসিংয়ের কাছ থেকে নওশীন ইয়াসমিন রিমা (২২) নামের একজনের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে।জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রিমা জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় একটি কিন্ডার গার্টেন বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামণি গ্রামে।স্থানীয় লোকজন জানায়, আজ ভোর ছয়টার দিকে কেন্দুয়া কালিবাড়ী রেলক্রসিংয়ের কাছে এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা রেলওয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল করার সময় নিহত রিমার গলা ও ঘাড় প্রায় বিচ্ছিন্ন অবস্থায় দেখা গেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশ রিমার বাসা থেকে ব্যক্তিগত পাঁচটি ডায়েরি জব্দ করেছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা রেললাইনের ওপর লাশ ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।