জামালপুরে শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা
জামালপুর শহরের চালাপাড়া এলাকার একটি বাড়ি থেকে গতকাল রোববার শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাঁদের গত শনিবার গভীর রাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: ফেরদৌস হোসেন (৪৮), তাঁর তৃতীয় স্ত্রী বন্যা (২২) ও তাঁর ছেলে প্রণয় (৩)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের বক্তব্য মতে, নিহত ফেরদৌস হোসেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে অডিটর পদে চাকরি করতেন। তিনি মোট তিনটি বিয়ে করেছেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রী মনোয়ারা বেগম মাদারগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রীকে তিনি সম্প্রতি তালাক দিয়েছেন। আর তৃতীয় স্ত্রী বন্যা, তাঁর তিন বছরের ছেলে প্রণয় এবং প্রথম স্ত্রীর ছেলে নিপুণকে (১৭) নিয়ে ফেরদৌস জামালপুর জেলা শহরের চালাপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। ফেরদৌসের প্রতিবেশীরা গতকাল রোববার সকালে সাড়াশব্দ না পেয়ে তাঁর বাসায় খোঁজ নিতে যান। এ সময় বাসার একটি কক্ষে ফেরদৌসের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসার অন্য একটি কক্ষে তৃতীয় স্ত্রী বন্যার লাশ ঝুলন্ত এবং শিশু প্রণয়কে বিছানায় মৃত অবস্থায় পান। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলেছে, ফেরদৌস হোসেনকে জবাই করে এবং বন্যা ও প্রণয়কে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। পুলিশ ফেরদৌসের প্রথম স্ত্রীর ছেলে নিপুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিপুণ পুলিশকে বলেছে, ঘটনার রাতে সে বাসায় ছিল না। ছিল মায়ের কাছে। হত্যাকাণ্ডের খবর শুনে সে এসেছে। তবে বন্যার মা মাবিয়া বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, নিপুণই লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।জামালপুর জেলা পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নুরুজ্জামান মাসুদুল ইসলাম গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল চালাপাড়ায় যান। তিনি সঠিক তদন্ত করে দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।