জামালপুরে ১০ জনের যাবজ্জীবন
জামালপুরের দেওয়ানগঞ্জের চাঞ্চল্যকর হানিফ আলী হত্যা মামলার রায়ে আদালত ১০ জন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পৃথক ধারায় তাঁদের প্রত্যেককে আরও সাত বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য আদালতে এই রায় দেন।সাজা পাওয়া আসামিরা হলেন আবদুস সাত্তার, মো. কালাম, ইউসুফ আলী, আজিম উদ্দিন, গণি মিয়া, ইমান হোসেন, মাজেদা বেগম, মোহাম্মদ আলী, আবদুল হক ও মোকছেদ আলী। তাঁরা সবাই জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবের চর গ্রামের বাসিন্দা।মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা কুতুবের চরের হানিফ আলীকে ২০০৫ সালের ৮ জুন অপহরণের পর হত্যা করে লাশ গুম করে রাখে। এ ঘটনায় নিহতের বড় ভাই জানিক আলী বাদী হয়ে ঘটনার রাতেই ওই ব্যক্তিদের আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।ঘটনার দুই দিন পর ১০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জের বড়াল নদীতীর থেকে হানিফ আলীর টুকরো টুকরো লাশ উদ্ধার করে।দীর্ঘদিন পর আজ মামলাটির রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার পরপরই আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আবুল কাশেম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী নওয়াব আলী।