জামালপুরে ১২ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলার ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সোবহান শেখের ছেলে মবেদ আলী আজ সোমবার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জামালপুরের আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করা হয়েছে।বাদী মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাঁর বাবা সোবহান শেখসহ ছয়জনকে হত্যা করার অভিযোগ এনেছেন।মামলার আসামিরা হলেন মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকার সিরাজুল হক (৬০), জাঙ্গালিয়া গ্রামের নুরুল ইসলাম মণ্ডল (৬০), কুলিয়া গ্রামের আবদুল কুদ্দুস মণ্ডল (৭০), ঢালির ভিটা গ্রামের আবদুস ছাত্তার (৭০), রমারপাড়া গ্রামের শাহজাহান (৬৫), ফুলকোচা গ্রামের মো. সামছুদ্দিন (৬০), নাগেরপাড়া গ্রামের বাবর আলী (৬২), ফুলছেন্না গ্রামের হারুন অর রশিদ (৬৫) ও নওশের আলী (৬০), বানিরুবাড়ি গ্রামের আবু তাহের আলী (৬৫), ছবিলাপুর গ্রামের মো. কাফি (৬৫) ও ইসলামপুর গ্রামের নজরুল ইসলাম (৬৪)।মামলার বাদী মবেদ আলী অভিযোগ করেছেন, ১৯৭১ সালের ২ অক্টোবর সকাল ১০টায় তাঁর বাবা সোবহান শেখ ও ভাই ছবেদ আলী মেলান্দহের কাজাইকাটা ঘাট থেকে নৌকায় করে ইসলামপুর বাজারের দিকে রওনা হন। আমলীতলা নৌঘাটে আসামি সিরাজুল হকের নেতৃত্বে আল-বদর বাহিনীর ১২ সদস্য একই নৌকায় ওঠেন। এ সময় তাঁরা তাঁর বাবা সোবহান শেখ ও ভাই ছবেদ আলীসহ ছয়জনকে গুলি করে হত্যা করেন। এ ছাড়া আসামিরা ১৯৭১ সালে এলাকায় ধর্ষণ, বিভিন্ন বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও স্বাধীনতাবিরোধী কার্যকলাপ করেছেন।মামলার বাদীপক্ষের আইনজীবী ফজলুল হক প্রথম আলোকে জানান, সংশ্লিষ্ট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।