জামালপুরে ১৪৪ ধারা জারি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুর দেড়টা থেকে রাত নয়টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ স্থানীয় খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে আজ বিকেল তিনটায় স্বাধীনতা দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আরেকটি পক্ষ একই স্থানে একই সময়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদ আলী জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় বকশীগঞ্জ উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা সদরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।