জামালপুরে বিডিআর বিদ্রোহ মামলায় আজ বুধবার রায় ঘোষণা করা হয়েছে। ৫২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে ছয়জনকে সর্বোচ্চ সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জামালপুর ৬ ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৭-এর বিচারক বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার বাদী জামালপুর ৬ ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল আজিজ উপস্থিত ছিলেন।মামলার রায় ঘোষণার পর মেজর নাহিদুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গত ৯ ফেব্রুয়ারি মামলার চতুর্থ কার্য দিবসে আদালত ৪০ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ওই দিনই আসামিদের জেরা করার সুযোগ দেওয়া হয়। আসামিরা আদালতের কাছে সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ এবং জেরার মাধ্যমে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ খণ্ডনে ব্যর্থ হন। ওই কার্য দিবসেই আজ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। আজ রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।