জামালপুরে ৫২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের ৫২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। আজ বুধবার এ বিচারকাজ শুরু হয়েছে।জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানদের চিত্তবিনোদন কক্ষে বিডিআরের বিশেষ আদালত-১৭-তে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিচারকাজ চলে। আদালত অভিযোগ গ্রহণ করে কাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ৫২ জন জওয়ানের মধ্যে ৪৪ জন সিআর মামলার আসামি হিসেবে জেলা কারাগারে আটক রয়েছেন। বাকি আটজনকে আজ আদালতের আদেশ অনুযায়ী গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম, লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন ও মেজর মো. আশফাক হোসেন।আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জামালপুরের ৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল খবির সরকার।আদালত শেষে লে. কর্নেল আবদুল খবির সরকার সংবাদ ব্রিফিং করেন। তিনি জানান, কাল সব আসামিকে বিশেষ আদালতে হাজির করে তাঁদের অভিযোগ শোনানো হবে।