জামায়াত-ই-আহলে হাদিসের নেতা জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগে জড়িত সন্দেহে গ্রেপ্তার জামায়াত-ই-আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ও বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রেজাউল করিম জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।গত বছরের ২৩ নভেম্বর রাতে রেজাউল করিমকে বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করে রাজশাহীতে আনা হয়। ২৫ নভেম্বর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।রেজাউল করিমের আইনজীবী আবু বাকার জানান, দীর্ঘ তিন মাস পর গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আর মাসুদ তাঁর জামিন মঞ্জুর করেন।