জামায়াত ও পুলিশের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। ভাঙচুর করা হয় ছয় থেকে সাতটি গাড়ি। শেষ বিকেলে হঠাৎ এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে অফিস শেষে ঘরমুখো মানুষের মধ্যে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গতকাল বিকেল সোয়া পাঁচটায় বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ছিল দলটির।পুলিশ সূত্র জানায়, মুক্তাঙ্গনে গতকাল বিকেলে জামায়াত ছাড়াও মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পৃথক সমাবেশ কর্মসূচি ছিল। এ কারণেই দুপুরের পর থেকেই ওই এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন।জামায়াত সূত্র জানায়, জামায়াত মুক্তাঙ্গনে সমাবেশ সফল করতে দলের নেতা-কর্মীদের বায়তুল মোকাররমে আসরের নামাজ পড়ার নির্দেশ দেয়। দলটি অভিযোগ করে, নামাজ শেষে তারা বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মিছিল নিয়ে মুক্তাঙ্গনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং তাদের কর্মীদের ওপর হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের লাঠিপেটার মুখে জামায়াতের নেতা-কর্মীরা পিছু হটে প্রথমে বায়তুল মোকাররমের ভেতর অবস্থা নেন। এরপর তাঁরা সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপ করতে থাকেন। পুলিশ আক্রমণকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে বায়তুল মোকাররমের সিঁড়িতে অবস্থানরত জামায়াতের কর্মীদের দিকে জলকামান থেকে রঙিন পানি ছোড়ে পুলিশ। তখন জামায়াতের কর্মীরা পিছু হটে বায়তুল মোকাররমের ভেতরে ঢুকে যান। সেখান থেকে থেমে থেমে তাঁরা পুলিশের ওপর ইট ছুড়ে মারেন। একপর্যায়ে সংঘর্ষ দৈনিক বাংলা মোড় থেকে পল্টন এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় পাঁঁচটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস। কাঁদানে গ্যাস থেকে বাঁচতে সাধারণ মানুষ আশপাশে ছোটাছুটি শুরু করে। মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় আটকা পড়ে অসংখ্য মানুষ। ঘণ্টা খানেকের চেষ্টায় পুলিশ পরিস্থিতি শান্ত করতে সমর্থ হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘মহানগর জামায়াতের নির্ধারিত কর্মসূচি ছিল মুক্তাঙ্গনে। আসরের নামাজের পর আমরা বায়তুল মোকাররম থেকে মুক্তাঙ্গনে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পুলিশ এসে বাধা দেয়। এ সময় আমরা পুলিশকে বলি, আমাদের সিটি করপোরেশন থেকে এই জায়গায় সমাবেশ করার অনুমতি আছে। কিন্তু তারা কোনো কথা না বলে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়।’ তিনি দাবি করেন, পুলিশের হামলায় দলটির শতাধিক কর্মী আহত হন। তাঁরা এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া শ খানেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পল্টন থানার অপারেশন কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি ছিল না জামায়াতে ইসলামীর। তাই তারা যখন মিছিল নিয়ে বের হয়, পুলিশ কথা বলতে যায়। এ সময় তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ইটপাটকেল ও লাঠির আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। তিনি জানান, পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে।