জামায়াত ও শিবসেনার কর্মকাণ্ড একই: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এ দেশে ইসলামকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছেন জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী। জামায়াত ও ভারতের শিবসেনা বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে। শক্তি খাটিয়ে অস্ত্রের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করছে। আজ সোমবার ‘দ্বীনী দাওয়াত কার্যক্রম জোরদারকরণ এবং জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ঢাকা বিভাগীয় খতিব মহোদয়গণের করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।‘জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম’ শীর্ষক কর্মসূচির আওতায় ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ঢাকা বিভাগের বিভিন্ন মসজিদের পাঁচ শতাধিক খতিব অংশ নেন।মাহবুব উল আলম হানিফ বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে জঙ্গিবাদের পক্ষে সরকারিভাবে ভূমিকা রাখা হয়েছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে মতিউর রহমান নিজামী বলেছিলেন, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। তিনি বলেন, যে দলের প্রধান সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করে, সেটি প্রকৃত ইসলামের দল হতে পারে না।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।