রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় মোট ২৭টি মামলা হয়েছে। এসব মামলায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং বিএনপির নেতা-কর্মী, অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ প্রায় ৬২ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় অন্তত ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর জামায়াত ও সমমনা ১২ ইসলামি দলের নেতা-কর্মীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভের সময় ব্যাপক সহিংস ঘটনা ঘটান।সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলা ও যানে অগ্নিসংযোগের অভিযোগে জামায়াতে ইসলামী ও সমমনা ১২ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজধানীতে ছয়টি মামলা হয়েছে। পল্টন, শেরেবাংলা নগর ও ওয়ারী থানায় দায়ের করা এসব মামলায় প্রায় ১৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।গত শুক্রবার রাতে পল্টনে চারটি, ওয়ারী ও শেরেবাংলা নগর থানায় একটি করে মামলা করেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ১২ দলের নেতা-কর্মীসহ ১৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় আরও আছেন: ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি মুহাম্মদ আবদুল জব্বার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, সেক্রেটারি আহম্মদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের শায়খ আবদুল মমিন। পল্টন থানায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলার বিবরণে বলা হয়, জুমার নামাজের পর জামায়াত-শিবির, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামীসহ সমমনা ১২ দলের নেতা-কর্মী ও অজ্ঞাতনামাসহ চার হাজার ব্যক্তি মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও শাহবাগে গণজাগরণ মঞ্চ ভাঙচুরের উদ্দেশ্যে বায়তুল মোকাররমের উত্তর ফটকে সড়কে অবরোধ করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। তারা পুলিশের ওপর ইটপাটকেল, ককটেল-বোমা ছুড়তে থাকে। ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানায় দায়ের হওয়া অন্য তিন মামলার বিবরণ প্রায় একই রকমের। ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে হামলা ভাঙচুর ও দুজন নিহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। পুলিশ জানায়, জামায়াত-শিবিরের ৯৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ সাড়ে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১৪ জন। সিলেট: সিলেটে শুক্রবার শহীদ মিনারে হামলা-ভাঙচুর ও হত্যার ঘটনায় ৮২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশ জানায়, ৮২ জনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের রয়েছেন। ঘটনার দিন আটক ৫৬ জনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রাম: শিবিরের মহানগর উত্তর শাখার সভাপতি মশরুর হোসাইনসহ ২১ জনের নাম উল্লেখসহ সাড়ে তিন হাজার জনকে আসামি করে শুক্রবার রাতে দুটি মামলা করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা: খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছয় হাজার ব্যক্তিকে আসামি করে শুক্রবার রাতে নগরের সোনাডাঙ্গা থানা ও সদর থানায় পুলিশ দুটি মামলা করেছে। এ সূত্রে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।বগুড়া: বগুড়া সদর থানায় দুটি মামলা হয়েছে। মামলায় জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হুসাইনসহ নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের ৬২ জন এবং অজ্ঞাতনামা ১৬ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী: রাজশাহীতে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মহানগরের বোয়ালিয়া ও রাজপাড়া থানায় করা দুটি মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনী: ফেনীতে জেলা জামায়াতের আমির নাজিম ওসমানী ও সেক্রেটারি নুর মোহাম্মদসহ ৬২ জনের নাম উল্লেখ করে ৮০০ জনকে আসামি করে মামলা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় উপজেলা জামায়াতের আমিরসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৯ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ৪০০ ব্যক্তির নামে মামলা হয়েছে। জয়পুরহাট: জয়পুরহাটে জামায়াত-শিবিরসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের ১৫ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গাজীপুর: গণজাগরণ মঞ্চ ভাঙচুরের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় গাজীপুর শহরের কলেজশিক্ষক আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর: চাঁদপুরে জামায়াত-শিবিরের এক হাজার ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। গতকাল পর্যন্ত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। নোয়াখালী: নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইজদীতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে প্রায় এক হাজার ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের দুই কাউন্সিলর ও মহানগর জামায়াত-শিবিরের ৩৯ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ছাড়া নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গতকাল শনিবার কুষ্টিয়ার খোকসা উপজেলা জামায়াতের আমির আবু বক্কর ছিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনায় শুক্রবার রাতে শিবিরের তিনজন কর্মীকে আটক করা হয়েছে।