জামায়াত গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবিরকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরায় তিনি বলেছেন, জামায়াত গণহত্যাকারী, মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের সংগঠন। তারা ধর্মের নামে হত্যা, ধর্ষণকে বৈধতা দিয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার শাহরিয়ার কবিরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ উপস্থিত ছিলেন।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গত বছরের ২৬ আগস্ট জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁকে আসামিপক্ষ টানা সাত দিন জেরার পরও তা অসমাপ্ত ছিল। অবশিষ্ট জেরা গতকাল সম্পন্ন হয়।গণতদন্ত কমিশনের প্রথম প্রতিবেদনে কি মুজাহিদের নাম ছিল—আসামিপক্ষের এ প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, প্রথম প্রতিবেদনে মুজাহিদের নাম ছিল না। প্রতিবছর আটজনের দুষ্কর্ম সম্পর্কে তদন্ত করা হতো। দ্বিতীয় প্রতিবেদনেই মুজাহিদের নাম ছিল। গণতদন্ত কমিশনের গবেষক কয়জন ছিলেন এবং নেতৃত্বে কে ছিলেন—এ প্রশ্নের জবাবে বলেন, তিনি নেতৃত্বে ছিলেন। কতজন গবেষক ছিলেন, তা গবেষণার ভূমিকায় লেখা আছে।১৯৭২ সালের ৩০ জানুয়ারি জহির রায়হান যখন মিরপুরে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে কে কে ছিলেন—মিজানুলের এ প্রশ্নে সাক্ষী বলেন, জহির রায়হানের সঙ্গে তিনি, জহির রায়হানের পরিবারের সদস্য ও কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন। বেগম মুশতারী শফীকে চেনেন—এ প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ। শহীদজননী জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশে তাঁর লেখা চিঠি নামের বইটি কি পড়েছেন—জবাবে তিনি বলেন, না।মিজানুল বলেন, ‘ওই বইয়ে উল্লেখ আছে, একাত্তরে আপনি পাকিস্তানি সেনাদের মুরগি সরবরাহ করতেন। এ জন্য বইটি পড়েও না পড়ার কথা বলছেন।’ জবাবে শাহরিয়ার কবির বলেন, ‘এটি নির্জলা মিথ্যা। মুশতারী শফী একসময় নির্মূল কমিটির আহ্বায়ক ছিলেন। স্বাধীনতাবিরোধী হিসেবে ১৯৯৫ সালে তাঁকেসহ ১১ জনকে নির্মূল কমিটি থেকে বহিষ্কার করা হয়।’ এ সময় ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীর কাছে বইটি দেখতে চান। বইটি পড়ে ট্রাইব্যুনাল বলেন, শাহরিয়ার কবির পাকিস্তানি সেনাদের মুরগি সরবরাহ করেছেন, এটা কিন্তু মুশতারী শফী নিজে বলেননি, অন্যরা বলেছেন। সেটা শুনে তিনি লিখেছেন। আইনজীবীদের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, কোনো প্রশ্ন করার আগে তা ভালোভাবে পড়ে দেখতে হবে।মিজানুল মত (সাজেশন) দেন, ‘আপনি নীতিগতভাবে জামায়াতবিরোধী। সে জন্য আপনি দীর্ঘদিন ধরে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করেন, বিবৃতি দেন ও বই লেখেন।’ এ সময় শাহরিয়ার কবির বলেন, ‘আমি মনে করি, জামায়াতে ইসলামী দল হিসেবে গণহত্যাকারী, মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের সংগঠন। তারা ধর্মের নামে হত্যা, ধর্ষণকে বৈধতা দিয়েছে। সে জন্যই আমি জামায়াতের বিরুদ্ধে লেখালেখি করি। জামায়াত নেতাদের উদ্দেশে মিথ্যাচার করি না।’আপনি কি ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী—এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘আমি ধর্মের নামে রাজনীতির বিরোধী। ধর্ম একটি পবিত্র বিষয়, একে রাজনীতির বাইরে রাখা উচিত।’জেরা শেষে এই মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।আবদুর রাজ্জাককে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে গতকাল দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। আসামির কাঠগড়ায় এ সময় কামারুজ্জামান হাজির ছিলেন। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।