জামায়াত-ছাত্রলীগ সভা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা
চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ আজ রোববার সকাল আটটা থেকে কাল সোমবার সকাল আটটা পর্যন্ত বলবত্ থাকবে। একই সময়, একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রলীগ সভার আহ্বান করলে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের শুরা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের উপস্থিত থাকতেন। পরে গতকাল শনিবার রাত নয়টার দিকে আকস্মিকভাবে চাঁপাইনবাবগঞ্জে মুজাহিদকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। তারা ওই স্থানে সাধারণ সভা করার ঘোষণা দেয়। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কে এম আলী আজম জানান, একই স্থানে ছাত্রলীগ ও জামায়াত সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শহীদ সাটু হল ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।