জামায়াত ছাড়া নির্বাচনে বিএনপি জিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি ও প্রখ্যাত লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘জামায়াত ছাড়া নির্বাচনে বিএনপি জিরো। আর ২০১৩ সালের মধ্যে শীর্ষ ১০ যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে পারলে বাংলাদেশে জামায়াত বলতে কোনো রাজনৈতিক দল থাকবে না।’ আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদমঞ্চে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। শাহরিয়ার কবির আরও বলেন, বিএনপির তৃণমূল নেতারা জামায়াতের যুদ্ধাপরাধের দায় নিজেদের কাঁধে নিতে চান না। এ সময় তিনি যুদ্ধাপরাধের দায়ে জামায়াতেরও বিচার দাবি করেন।শাহরিয়ার কবির বলেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াতের লোকজন ঘাপটি মেরে বসে আছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সব সময় কাজ করছে। আর এই প্রশাসন নিয়ে আমরা আগামী নির্বাচনে যেতে পারি না। জেলা থেকে কেন্দ্র পর্যন্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা জামাতিদের চিহ্নিত করার সময় এসেছে।’ সাংবাদিক শাহরিয়ার কবির এ সময় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের জনবল নিয়োগ, আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তা প্রভৃতি বিষয়ে আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার অভিযোগ করেন। তিনি বলেন, ‘দেশে একজন যুদ্ধাপরাধী বেঁচে থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কাজ চলতে হবে।’ এ জন্য ট্রাইব্যুনালকে সংবিধানের মাধ্যমে সুরক্ষিত করতে হবে বলে মত ব্যক্ত করেন তিনি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক, ভাষাসৈনিক আবদুস সামাদ, সিপিবির জেলা সভাপতি কমরেড সাজিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কাজী মাসুদ প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও বক্তব্য দেন।