জামায়াত ছাড়া সংসদের সব দলের সঙ্গে বৈঠক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে প্রস্তাবনা তৈরি করতে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। তবে সংসদে জামায়াতের দুটি আসন থাকলেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হওয়ায় এ দলটিকে আলোচনা প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। এর বাইরে সংবিধান বিশেষজ্ঞ এবং সাবেক প্রধান বিচারপতিদের সঙ্গেও বৈঠক করবে কমিটি। আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। ২৪, ২৫ ও ২৬ এপ্রিল সংসদ ভবনে বিশেষ কমিটি টানা এ আলোচনা করবে। প্রথম দিন ২৪ এপ্রিল সংবিধান বিশেষজ্ঞ এবং সাবেক প্রধান বিচারপতিদের সঙ্গের আলোচনার মাধ্যমে বিশেষ কমিটির এ দফার আলোচনা শুরু হবে। পরদিন ২৫ এপ্রিল সকালে প্রধান বিরোধী দল বিএনপি, বিকেলে জাতীয় পার্টিসহ অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর ২৬ এপ্রিল সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসবে বিশেষ কমিটি। বৈঠক শেষে কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের জানান। এ সময় কমিটির দুই সদস্য তোফায়েল আহমেদ এবং হাসানুল হক ইনু তাঁর সঙ্গে ছিলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের বেশির ভাগ কেন্দ্রীয় নেতা অভিযুক্ত হওয়ায় তাদের বৈঠকে ডাকা হচ্ছে না। বাকি রাজনৈতিক দলগুলোকে কাল বুধবারের মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হবে। তিনি বলেন, সবাই এসে আলোচনা করে বিশেষ কমিটির এ কাজকে আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি।