সংবিধান সংশোধন: প্রস্তাবনা তৈরিতে ২৪ এপ্রিল বৈঠক শুরু
জামায়াত ছাড়া সব দলের সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনে প্রস্তাবনা তৈরি করতে জামায়াতে ইসলামী ছাড়া জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে সংবিধান-সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। এ ছাড়া কমিটি সংবিধান বিশেষজ্ঞ এবং সাবেক প্রধান বিচারপতিদের সঙ্গেও বৈঠক করবে। সংসদে দুটি আসন থাকলেও যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় জামায়াতকে আলোচনা-প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।কমিটি আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল সংসদ ভবনে এ আলোচনা করবে। এর মধ্যে ২৪ এপ্রিল সংবিধান-বিশেষজ্ঞ এবং সাবেক প্রধান বিচারপতিদের সঙ্গে আলোচনা হবে। পরদিন ২৫ এপ্রিল সকালে প্রধান বিরোধী দল বিএনপি, বিকেলে জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিটি। ২৬ এপ্রিল আলোচনা হবে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে।গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, আবদুল মতিন খসরু, হাসানুল হক ইনু ও আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে অংশ নেন।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সিদ্ধান্ত সম্পর্কে জানান কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তোফায়েল আহমেদ ও হাসানুল হক ইনু।সুরঞ্জিত বলেন, জামায়াতের অধিকাংশ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় দলটিকে বৈঠকে ডাকা হচ্ছে না। বাকি রাজনৈতিক দলগুলোকে আগামীকালের (বুধবার) মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই এসে আলোচনা করে বিশেষ কমিটির এ কাজকে আরও সমৃদ্ধ করবেন।কমিটির মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, এলডিপির অলি আহমদসহ সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের প্রধানদের কাছে চিঠি পাঠানো হবে। তিনি জানান, সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে ড. কামাল হোসেন, বিচারপতি টি এইচ খান, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমীর-উল-ইসলামসহ আরও কয়েকজনের নাম রয়েছে। আর সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে কামালউদ্দিন হোসেন, মোস্তফা কামাল, মুহাম্মদ হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন এবং ফজলুল করিমকে আমন্ত্রণ জানানো হবে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমন্ত্রিতদের দেওয়া মতামতকে গুরুত্ব দিয়েই সংবিধান সংশোধনের খসড়াপত্র চূড়ান্ত করবে বিশেষ কমিটি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমন্ত্রণ করার আগেই কমিটিতে আসার বিষয়টি নাকচ করা যায় কীভাবে? আশা করি, বিরোধী দল আমন্ত্রণপত্র পেয়ে কমিটিতে আসবেন এবং মূল্যবান বক্তব্য দেবেন।’এর আগে গত ১১, ১২ ও ১৩ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে অনির্ধারিত বৈঠক করে বিশেষ কমিটি। জানা গেছে, বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী কমিটির গত ১৬টি বৈঠকের আলোচনা শোনেন এবং তিনি কিছু প্রস্তাব দেন।