জামায়াত দেখাতে চায়, স্বাধীনতাবিরোধী অন্য দলেও আছে
আওয়ামী লীগের নেতাদের কোন কোন আত্মীয় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, কোন কোন বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেছেন—এসব বিষয়ে খোঁজখবর নিচ্ছে জামায়াতে ইসলামী। জাতীয় পার্টির কোন কোন নেতা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই তালিকাও করছে তারা।এত দিন একাত্তরে জামায়াতের অবস্থান নিয়ে দলের নেতারা কোনো কথা বলতে না চাইলেও এখন বিষয়টি আর গোপন রাখা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে দলটি। নেতাদের দাবি, একাত্তরে জামায়াত পাকিস্তানের পক্ষে অবস্থান নিলেও যুদ্ধাপরাধ করেনি। তাঁদের দাবি, অনেকেই সে সময় একই রকম সিদ্ধান্ত নিয়েছিলেন। জামায়াত ছাড়াও ব্যক্তিগত ও দলীয়ভাবে আর কারা সে সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল—এটা জাতির সামনে তুলে ধরতে চায় জামায়াত।বিচারপ্রক্রিয়া বিতর্কিত করতে চায় জামায়াত: জামায়াত মনে করছে, দলের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে সরকার জামায়াতের নেতাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এ কারণে পাল্টা কৌশল হিসেবে জামায়াত দেখাতে চায়, স্বাধীনতাবিরোধী শুধু জামায়াতে নয়, অন্য দলেও আছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়দের মধ্যে একাত্তরে কে কোন পক্ষে ছিলেন—বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে খুঁজছে জামায়াত। এভাবে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়াকে বিতর্কিত করতে পারবে বলে মনে করছেন জামায়াতের নেতারা।এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘একাত্তর সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত কে কোথায় ছিল, কোন দলের অবস্থান কী ছিল—এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’তবে এ বিষয়ে জামায়াতের সাংগঠনিক কোনো উদ্যোগ নেই দাবি করে কামারুজ্জামান বলেন, ‘কেউ এ কাজ করলে আমরা নিশ্চয় আগ্রহী হব। আমরা চাই, কেউ এটা করুক। এটা শুরু হয়েছে। বোধ হয় হয়ে যাবে।’ তিনি বলেন, ‘পত্রপত্রিকায় যেসব সংবাদ আসছে, আমরা তা সংগ্রহ করছি। অনেক সময় টেলিফোন করে আমাদের জানানো হয় অমুকের বাবা, ওমুকের ভাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। আমরা এসব লিপিবদ্ধ করছি।’জামায়াতের নেতা বলেন, ‘এখন যাঁরা যুবলীগ-ছাত্রলীগ করছেন, তাঁদের বাবা-চাচারা কী করেছেন, আমরা আগে খোঁজ নিইনি। এখন লোকজনই খোঁজ দিচ্ছে।’কামারুজ্জামান বলেন, যাঁরা ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরি করেছেন, তাঁরা পাকিস্তানের পক্ষে ছিলেন। পাকিস্তান সরকারের আনুগত্য করে যাঁরা পুলিশ বিভাগ, সচিবালয়, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হোক।জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য দাবি করেন, তাঁদের খোঁজ অনুযায়ী বর্তমান সরকারের একজন মন্ত্রীর (বাড়ি চট্টগ্রাম বিভাগে) বাবা এলাকায় শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্যের ভাইও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। ময়মনসিংহে আওয়ামী লীগের একজন সাবেক সাংসদের (মৃত) চাচাও শান্তি কমিটির সদস্য ছিলেন। অচিরেই এসব নিয়ে প্রকাশ্যে কথা বলবে জামায়াত।জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ছোট দেশ। কে কী করেছে, এটা তো সবাই জানে। প্রয়োজনে আমরাও বলব।’আইনটিকে বিতর্কিত করার চেষ্টা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের আইন আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-কে বিতর্কিত ও কালো আইন প্রমাণ করতে চায় জামায়াতে ইসলামী। এ জন্য দেশে-বিদেশে আইনটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন দলের নেতা ও পেশাজীবীরা। জামায়াত-সমর্থিত আইনজীবী সমিতি ইসলামিক ল ইয়ার্স কাউন্সিল এ বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।জামায়াতপন্থী সংগঠন সোসাইটি ওয়াচ ইনকনসিস্টেন্সি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ নামে একটি বই বের করেছে। জামায়াতের নিজস্ব প্রকাশনা আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে বইটি প্রকাশ করা হয়েছে বলে দলের সূত্র নিশ্চিত করেছে।বইটিতে জামায়াতের আইনজীবীরা তাঁদের মতো করে আইনটির সমালোচনা করেছেন। বইটি দেশে-বিদেশে প্রচারের ব্যবস্থাও করেছে জামায়াত।জানতে চাইলে জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামান বলেন, এ আইনের বিরুদ্ধে তো প্রচার হবেই। এ আইনে বিচার হলে বিচার স্বচ্ছ হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের বাইরে বলব না কেন? আমরা দেশের ভেতরে-বাইরে সব জায়গাতেই কথা বলছি।’