জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, জামায়াতে ইসলামী যেমন এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করে, তেমনি কেউ এ দেশের ওপর দাদাগিরি করতে চাইলে তার বিরোধিতা করে। এ জন্যই সরকার জামায়াতকে বাধা মনে করে। আজ বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত সমর্থিত বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত ওলামা সমাবেশে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কথা বলেছেন। তবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াত কীভাবে এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে, সেটা ব্যাখ্যা করেননি তিনি।মকবুল আহমাদ বলেন, ‘সরকার মানবতাবিরোধী বিচারের নামে জামায়াতকে লক্ষ্যভুক্ত করেছে। পত্রিকায় দেখলাম সবচেয়ে বেশি যুদ্ধাপরাধী আছে জাতীয় পার্টিতে। আওয়ামী লীগেও আছে কেউ কেউ। সরকার তা বলে না। শুধু জামায়াতের নেতাদের ধরেছে। ...আইনজ্ঞরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে অভিযোগ গঠনের আগে কারও বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না। কিন্তু জামায়াত নেতাদের বিরুদ্ধে তাই করা হয়েছে। এতেই প্রমাণ হয় তাদের (সরকার) অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ।’জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, সব বিরোধী দলই বুঝেছে যে, শুধু জামায়াত নয়, সবার ওপরই আঘাত আসছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবেই সিদ্ধান্ত নিতে হবে যে, ঈমান আকিদাবিরোধী যেকোনো পদক্ষেপ সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, বিশ্বের অনেক দেশেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। তাহলে বাংলাদেশে কেন থাকতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয়ভাবে সংবিধান প্রণয়ন করেছিল। এ কারণেই সেই সংবিধান পরে পরিবর্তন করতে হয়েছিল। এবারও সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি সরকার সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র সংযোজন করে, তাহলে জনগণ তা মানবে না।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, আওয়ামী লীগ এ পর্যন্ত অংশ নেওয়া সব সংসদ নির্বাচনের আগে ইশতেহারে বলেছে, তারা ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না। কিন্তু যখনই তারা ক্ষমতায় গেছে কোরআন-সুন্নাহ-আলেম-ওলামাদের বিরদ্ধে অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে না দেওয়া কোরআনের আইনের লঙ্ঘন।জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এ টি এম মাসুম তাদের দলের আমির মতিউর রহমান নিজামীকে ‘গোটা বিশ্বে আলেমদের শীর্ষ নেতা’ আখ্যা দেন।