জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শাহরিয়ার কবির গতকাল বুধবার জেরায় বলেছেন, একাত্তরে জামায়াত ধর্মের নামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছিল। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী। তিনি গত ২৬ আগস্ট ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর আসামিপক্ষ তাঁকে জেরা করে।গতকাল আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে জেরায় মিজানুল ইসলাম বলেন, ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে মানপত্র দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিসংবলিত এই মানপত্র তখন গোলাম আযম পাঠ করেছিলেন। এটি কি ঠিক? শাহরিয়ার কবির বলেন, হ্যাঁ। গোলাম আযম পরে বলেছিলেন, ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা তাঁর ভুল ছিল।মিজানুল ইসলাম জানতে চান, ‘গোলাম আযমের এ বক্তব্যের কোনো ভিডিও বা অডিও রেকর্ডিং আপনার কাছে আছে?’ শাহরিয়ার কবির বলেন, ‘এটা কী ধরনের স্টুপিড কোয়েশ্চেন?’ আসামিপক্ষের কয়েকজন আইনজীবী এর প্রতিবাদ জানান। এ নিয়ে হইচই শুরু হয়। ট্রাইব্যুনাল সবাইকে শান্ত হতে বললেও হইচই চলে। এ সময় ট্রাইব্যুনাল মিজানুল ইসলামকে বলেন, আপনার মতো একজন অভিজ্ঞ আইনজীবী চিৎকার করছেন। তাহলে আপনার প্রতি ট্রাইব্যুনালের কী ধারণা হবে? সাক্ষী প্রশ্নের ধরনকে ‘স্টুপিড’ বলেছেন, আপনাকে নয়।শাহরিয়ার কবির তাঁর ওই কথার জন্য দুঃখ প্রকাশ করলে আবার জেরা শুরু হয়। মিজানুল আবার ওই প্রশ্ন করলে সাক্ষী বলেন, ‘সে সময় ভিডিও রেকর্ডিংয়ের কোনো সুযোগ ছিল না। অডিওতে বক্তব্যের রেকর্ড আছে কি না, তা আমি জানি না। তবে সে সময়ের সংবাদপত্রে গোলাম আযমের বক্তব্যসংক্রান্ত প্রতিবেদন ছাপা হয়েছিল। ভাষা আন্দোলনের প্রধান গবেষক বদরুদ্দীন উমরের লেখাতেও এটি আছে।’ কোন সংবাদপত্রে ছাপা হয়েছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যত দূর মনে পড়ে, বদরুদ্দীন উমর দৈনিক আজাদ-এর উদ্ধৃতি দিয়েছিলেন।’সাক্ষী ও তাঁর সংগঠন (একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি) কি জামায়াত বা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নিষিদ্ধ করার আন্দোলন করছে—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘আমরা মৌলবাদী, সাম্প্রদায়িক, ধর্ম ব্যবসায়ীদের ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা মনে করি, ধর্ম একটি পবিত্র বিষয়, ধর্মকে রাজনীতিতে টেনে এনে কলুষিত করা উচিত নয়। একাত্তরে জামায়াত ধর্মের নামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছিল।’জামায়াত যেন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত না হয়, সে জন্য সাক্ষী আন্দোলন করেছিলেন—এর জবাবে শাহরিয়ার কবির বলেন, তাঁরা জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না করতে নির্বাচন কমিশনে মৌখিক আবেদন করেছিলেন। কারণ, তাঁরা মনে করেন, জামায়াত গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের দল। তারা বাংলাদেশের সংবিধান মানে না। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদে জামায়াতের নির্বাচিত সাংসদেরা কি সংবিধান অনুযায়ী কাজ করেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত তাদের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশের সংবিধানের সপ্তম অনুচ্ছেদের বিরোধী। সংবিধানে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হলেও জামায়াত তা মানে না।২০০১ সালের সাধারণ নির্বাচনের পর জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও মুজাহিদ মন্ত্রী হয়ে কোনো সংবিধানবিরোধী কাজ করেছিলেন—এ প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, ‘তাঁরা সংবিধান মেনে কোনো কাজ করেছেন বলে আমি মনে করি না। কারণ, সংবিধান লঙ্ঘন করে আমাকে গ্রেপ্তার করে জামায়াত যে আচরণ করেছে, তা তাঁদের শপথের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।’পরে শাহরিয়ার কবিরকে আরও কয়েকটি প্রশ্ন করেন আইনজীবী। তাঁকে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।