জামায়াত ধর্মের নামে ব্যবসা করে, মানুষকে ধোকা দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতারা বলেছেন, যাঁরা মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে তুলনা করেন, তাঁরা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মে বিশ্বাস করেন না। তাঁরা ধর্মের নামে ব্যবসা করেন, মানুষকে ধোকা দেন। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে জামায়াতে ইসলামী কোটি কোটি টাকা ব্যয় করছে। এই বিচারপ্রক্রিয়াকে নিষ্কণ্টক করতে জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ করতে হবে।জামায়াত আমির নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করায় আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তাঁরা এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘জেএমবি এবং বাংলা ভাইয়ের মতোই যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদরা ফাঁসির দড়ি এড়াতে পারবে না।’আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ করে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে। জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, যতই গর্জন করুন, জাতির কাছে ওয়াদাবদ্ধ মহাজোট সরকার এ বিচার করবেই।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে জামায়াত কোটি কোটি টাকা ব্যয় করছে। এই বিচার নিষ্কণ্টক করতে জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নিতে হবে।মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ বক্তৃতা করেন হাবিবুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী, ফয়েজউদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, আসলামুল হক, শাহ আলম প্রমুখ। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল ও নিজামী-মুজাহিদের কুশপুত্তলিকা দাহ করা হয়।