জামায়াত ধর্মের নামে হত্যা, ধর্ষণকে বৈধতা দিয়েছে: শাহরিয়ার কবীর
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবীরের জেরা শেষ হয়েছে। জেরার একপর্যায়ে তিনি বলেন, জামায়াত দল হিসেবে গণহত্যাকারী, মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের সংগঠন। তারা ধর্মের নামে হত্যা, ধর্ষণকে বৈধতা দিয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওই জেরা হয়। আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনি নীতিগতভাবে একজন জামায়াতবিরোধী। সে জন্য আপনি দীর্ঘদিন ধরে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, বিবৃতি দেন ও বই লেখেন।’জবাবে শাহরিয়ার কবীর বলেন, ‘আমি মনে করি জামায়াতে ইসলামী দল হিসেবে গণহত্যাকারী, মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের সংগঠন। তারা ধর্মের নামে হত্যা, ধর্ষণকে বৈধতা দিয়েছে। সে জন্যই আমি জামায়াতের বিরুদ্ধে লেখালিখি করি। জামায়াত নেতাদের উদ্দেশে মিথ্যাচার করি না।’‘আপনি কি ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী’—এ প্রশ্নের উত্তরে শাহরিয়ার কবীর বলেন, ‘আমি ধর্মের নামে রাজনীতির বিরোধী। আমি মনে করি ধর্ম একটি পবিত্র বিষয়। ধর্মকে রাজনীতির বাইরে আনা উচিত।’আইনজীবী মত দেন, ‘আপনার লেখালিখি ও প্রামাণ্যচিত্র পরিকল্পিত অসত্য প্রতারণা।’ জবাবে শাহরিয়ার কবির আইনজীবীকে বলেন, ‘আপনার এ বক্তব্যটিও পরিকল্পিত মিথ্যাচার।’ আইনজীবী শাহরিয়ার কবীরকে সর্বশেষ মত দেন, ‘আপনি মুজাহিদের বিরুদ্ধে জবানবন্দিতে মিথ্যা বলেছেন।’ জবাবে তিনি বলেন, ‘এটা সত্য নয়।’শাহরিয়ার কবীর গত বছরের ২৬ আগস্ট জবানবন্দি দেন। এর আগে তাঁকে সাত দিন জেরা করা হয়। দুই ট্রাইব্যুনাল মিলে এটাই সবচেয়ে বেশি দিন ধরে জেরা করার ঘটনা।