জামায়াত নিষিদ্ধ করার সময় এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট নাগরিকেরা মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসী তৎপরতার কারণে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তাঁরা এখনই এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন।গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নাগরিক সমাজের ব্যানারে বিশিষ্ট নাগরিকেরা মহাসম্মেলনের আয়োজন করেন। ‘যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি’ শীর্ষক ওই সম্মেলনে বিভিন্ন শ্রেণী ও পেশার বরেণ্য ব্যক্তিরা অংশ নেন। তাঁরা শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। মহাসম্মেলনের অন্যতম আহ্বায়ক অধ্যাপক আনিসুজ্জামান বলেন, খালেদা জিয়া শাহবাগের তরুণ প্রজন্মকে নষ্ট ছেলে-মেয়ে বলে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে মুনীর চৌধুরীর ছোট্ট একাঙ্কিকা নষ্ট ছেলে পড়ার অনুরোধ জানান। আনিসুজ্জামান বলেন, ‘শাহবাগ একাত্তরের চেতনাকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। এই অসাধারণ কাজটি যারা করে যাচ্ছে, মাথা নত করে আমি তাদের শ্রদ্ধা জানাই।’আনিসুজ্জামান আরও বলেন, ‘শাহবাগের যে দাবি, তার সঙ্গে অনেক ক্ষেত্রে দ্বিমত প্রকাশের অবকাশ রয়েছে। আমরা বিচার চাইব, কিন্তু কোনো শাস্তি নির্দিষ্ট করে দেব না। আমরা প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার চাই এবং দেশের মাটিতে এই বিচার যাতে হয়, সেটি আমাদের চাওয়া।’জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে একাত্তরের তাণ্ডবের সঙ্গে তুলনীয় বলে উল্লেখ করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারি থেকে তারা হুমকি দিচ্ছে, মানবতাবিরোধী অপরাধ-সম্পর্কিত ট্রাইব্যুনাল ভেঙে দিতে হবে। অপরাধীদের বিচার করা যাবে না, করলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। ক্ষেত্র তৈরির জন্য তারা ব্লগার রাজীবকে হত্যা করেছে। দেশের পতাকা পুড়িয়েছে। শহীদ মিনার ভেঙেছে। সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয়ে আগুন দিয়েছে। তিনি আরও বলেন, গত ৪২ বছরে জামায়াতের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। বিএনপির সমর্থন পেয়ে তাদের এই আস্ফাালন বেড়েই চলেছে।তরুণ প্রজন্মের আন্দোলনে দলীয় রং না দেওয়ার আহ্বান জানিয়ে আনিসুজ্জামান আরও বলেন, যাঁরা পাকিস্তানি রাজনীতির চশমা পরে দেখেন, তাঁরাই শাহবাগের আন্দোলনকে দলীয় বলছেন। তিনি আরও বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের আর্থিক ক্ষমতার উৎস রুদ্ধ করতে হবে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, অনেক সময় রাজনৈতিক সমস্যা আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অনেক রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, যারা নিজেরা আইন মানে না, আবার বিপদে পড়লে তারাই আইনের আশ্রয় নেয়। জামায়াত একই ধরনের দল। তিনি বলেন, ওই দলটির তাণ্ডব যে পর্যায়ে গেছে, তাতে রাজনৈতিক বিবেচনার আর সুযোগ নেই। দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশকে দুর্বিষহ করে তোলা এই দলটিকে দ্রুত আইন প্রয়োগ করে নিষিদ্ধ করতে হবে। তবে তা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।এখন যারা যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে বলছে, তারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও আকবর আলি খান মন্তব্য করেন।সম্মেলনে ঘোষণাপত্র পড়ে শোনান মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. সারওয়ার আলী। এতে মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের জন্য শাহবাগের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচারের নিন্দা জানানো হয়। ঘোষণাপত্রে আরও বলা হয়, জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা এখনো অনুপস্থিত। ইতিমধ্যে তারা সন্ত্রাস, বোমাবাজি, ভাঙচুর ও হুমকির মাধ্যমে দেশে অরাজক অবস্থার সৃষ্টি করেছে। নাগরিক সমাজ এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জাতির কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি জানায়। ঘোষণাপত্রে আরও জানানো হয়, নাগরিক সমাজ এই আন্দোলন অব্যাহত রাখতে এবং দেশব্যাপী ছড়িয়ে দিতে এক হাজার এক সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, জামায়াত যা করছে, তা একাত্তরের তাণ্ডবের প্রতিচ্ছবি। তারা যা করছে, তাতে দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে কারও কোনো দ্বিধা থাকা উচিত নয়। তিনি আরও বলেন, জামায়াতের নিবন্ধনে কি তারা বলেছিল, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে, তাদের দলের লোকেরা শাস্তিপ্রাপ্ত হলে এ ধরনের কর্মকাণ্ড করবে? সুলতানা কামাল আরও বলেন, ‘জামায়াত নিষিদ্ধ করতে আমার মনে হয় না খুব বেশি তত্ত্ব বা তথ্যের ভেতর যেতে হবে।’ জামায়াত নিষিদ্ধ করাকে সভ্যতা ও গণতন্ত্রের দাবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা করতে না পারলে সভ্যতার দাবি মানতে চূড়ান্তভাবে আমরা ব্যর্থ হব।’ বাংলাদেশের মাটি থেকে জামায়াত-শিবির উৎখাত হবেই হবে বলে উল্লেখ করেন তিনি। অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘এত দিন তরুণ প্রজন্মের জাগরণের প্রতি আমরা বিচ্ছিন্নভাবে বিবৃতি দিয়েছি, সংগঠিত হতে পারিনি। এখন গণজাগরণ মঞ্চকে অনুসরণ করে আমাদের সারা দেশে যেতে হবে। চুপচাপ বসে থাকা যাবে না। কারণ, জামায়াত তাদের সন্ত্রাসের ডালপালা বিস্তৃত করেছে, যা নির্মূল করা কঠিন।’ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ‘আমরা অপরাধ সহনের রাষ্ট্র তৈরি করিনি। মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় প্রকাশের পর যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে, তার বিপরীতে সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সঠিকভাবে একটি প্রেসনোটও দেয়নি। কক্সবাজারের রামুতে যা ঘটেছিল, সেখানে সরকারের একটি অংশ জড়িত ছিল। জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে?’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘জামায়াত-শিবির এখন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছেড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তাদের শিকড় গাড়তে শুরু করেছে। হেফাজতে ইসলাম তাদের অঙ্গসংগঠন, যা নিয়ে আমরা শঙ্কিত। সুতরাং আর বাড়ার সুযোগ না দিয়ে এখনই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে সরকারপক্ষকে ভয় পেলে চলবে না।’আইনজীবী শাহদীন মালিক বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার জন্য বিশেষ ক্ষমতা আইন (২০ ধারা) এবং সন্ত্রাসবিরোধী আইন (১৮ ধারা) যথেষ্ট। তবে নিষিদ্ধ করতে গেলে ঝুঁকি আছে। কিন্তু নিষিদ্ধ না করলে ঝুঁকি আরও বেশি। কারণ, বাংলাদেশকে তারা আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘জামায়াত আজকের যে অবস্থানে আছে, তার দায় আমাদের রাজনীতিকদের। জামায়াতকে প্রতিহত করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘যাঁরা শাহবাগের আন্দোলনকে সমর্থন দেন না এবং যাঁরা বলেন এ আন্দোলন আস্তিকের সঙ্গে নাস্তিকের, তাদের বলতে হবে, পাকিস্তানই সঠিক ছিল। আর আমরা বলি, শাহবাগের আন্দোলন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের।’সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আক্রমণ আসবে। সেটা ঠেকানোর জন্য জনপ্রতিনিধিদের নিজ এলাকায় গিয়ে জনগণের পাশে অবস্থান নিতে হবে। সম্মেলনে আরও বক্তব্য দেন সম্মিলিত সামরিক বিশেষজ্ঞ আমীন আহম্মদ চৌধুরী, সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির ও শিল্পী মিতা হক। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এ আরাফাত।সম্মেলনে উপস্থিত ছিলেন অজয় রায়, মুনতাসীর মামুন, হারুন হাবীব, এ কে এম নূরুন্নবী, পান্না কায়সার, ফেরদৌসী প্রিয়ভাষিণী, শ্যামলী নাসরীন চৌধুরী, ম. হামিদ, আবেদ খান, মোজাম্মেল বাবু, পীযূষ বন্দ্যোপাধ্যায়, তানিয়া আমীর, রোকেয়া প্রাচী প্রমুখ।