জামায়াত নিষিদ্ধের দাবিতে আগামীকাল জাতীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে আগামীকাল ২০ এপ্রিল শনিবার জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদের সংগঠন ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংগঠনের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করা, নারীর অধিকার সমুন্নত রাখা।এসব দাবি আদায়ে দেশের বিভাগীয় শহরগুলোতেও সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে গত কয়েক মাসে সারা দেশে মন্দির, শহীদ মিনার ভাঙচুর ও জাতীয় পতাকা ছেঁড়ার মতো নাশকতামূলক ঘটনা ঘটানোর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। জাতীয় এই সম্মেলনে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিকব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন বলে জানান সারওয়ার আলী।সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, জামায়াত একাত্তরে প্রকাশ্যে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাই জামায়াতকে সাংগঠনিকভাবে দায়ী করে তাদের বিচার করতে হবে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির পুনর্বাসিত হয়েছে। দুঃখজনক হলেও সত্যি, যে বাংলাদেশের তারা বিরোধিতা করেছে, সেই বাংলাদেশের পতাকা তারা গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়িয়েছে। আবার সেই বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা ছিঁড়ে, স্বাধীনতার প্রতীক শহীদ মিনার ভেঙে ফেলার দুঃসাহস দেখিয়েছে। জামায়াতের বিশ্বাসঘাতকতা ক্ষমার অযোগ্য। ‘জামায়াত-শিবিরের তাণ্ডবের সাধারণ লক্ষ্যবস্তু সব সময়ই বিশেষত সংখ্যালঘু ও নারীরা’, এমন মন্তব্য করে সুলতানা কামাল বলেন, সাম্প্রতিক সময়ে এই দুই শ্রেণীর ওপর তাদের হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশে কখনো তালেবানি নীতি প্রতিষ্ঠিত হতে পারে না। সংবাদ সম্মেলনে সাংস্কৃতিকব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, জামায়াত-শিবিরের সাম্প্রতিক হামলায় দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুরা তটস্থ। সাধারণ মানুষের শক্তি এক হলে এসব অপশক্তির বিনাশ হবে। এ জন্যই এই জাতীয় সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের জিয়াউদ্দিন তারিক আলী ও মো. এ আরাফাত।