জামায়াত নেতা আজহারুল ইসলাম কারাগারে
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় এনে রাখা হয়। বেলা দুইটার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে তাঁকে আসামির কাঠগড়ায় নেওয়া হয়।শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে আজহারুলের পক্ষে ওকালতনামা ও জামিনের আবেদন দাখিল করেন। জামিনের আবেদনের শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। শুনানিতে তিনি বলেন, আজহারুল ইসলাম জামায়াতের শীর্ষস্থানীয় নেতা। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ গ্রেপ্তার হওয়ার পর তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। জামায়াতকে নেতৃত্বশূন্য করার ‘অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্য’ সরকার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে।গ্রেপ্তার হওয়ার পর আজহারুল তাঁর বিরুদ্ধে করা ১১টির মামলার সবগুলোতেই জামিন পেয়েছেন উল্লেখ করে আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, ‘তিনি পালিয়ে যেতে পারেন বলে রাষ্ট্রপক্ষ যে যুক্তি দেখিয়েছে, তা ভিত্তিহীন। না হলে ১১টি মামলায় তিনি জামিন পেতেন না।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম জামিনের বিরোধিতা করে শুনানিতে বলেন, নিম্ন ও উচ্চ আদালত থেকে ১১টি মামলাতেই জামিন পাওয়া প্রমাণ করে আজহারুলকে গ্রেপ্তার করা বা আটক রাখার বিষয়ে সরকারের কোনো হাত নেই। ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন। কৌঁসুলি জেয়াদ-আল-মালুম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ জামিনের কোনো বিধান নেই। বিশেষ বিবেচনায় জামিন পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ, তিনি শারীরিকভাবে সুস্থ। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, এ পর্যায়ে তাঁকে জামিন দেওয়া যায় না।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য ২৬ আগস্ট (রোববার) দিন ধার্য করেন। আজহারুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।গত বছরের ১৯ সেপ্টেম্বর কাকরাইলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর আজহারুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে সংঘর্ষের ওই ঘটনাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলা থেকে জামিন পেয়ে ১৬ আগস্ট তিনি মুক্তি পেয়েছিলেন। এর ছয় দিনের মাথায় ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবার গ্রেপ্তার হন তিনি। আজহারুল এই অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের অষ্টম নেতা।সাঈদীর দুই আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে করা দুটি আবেদন খারিজ করেন। আবেদন দুটি হলো: আসামিপক্ষে ২০ জন সাক্ষীর তালিকা জমা দেওয়া-সংক্রান্ত আদেশ স্থগিত ও সাফাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য সময়ের আবেদন এবং সাঈদীর শারীরিক অবস্থা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র সংগ্রহের আবেদন।শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, নতুন করে ২০ জন সাক্ষীর তালিকা চাওয়ায় আসামিপক্ষের প্রস্তুতির জন্য সময় দরকার। এ ছাড়া অসুস্থতার কারণে সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে না। তিনি পুরো সুস্থ হয়ে ট্রাইব্যুনালে না আসা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হোক।গতকাল সাঈদীর পক্ষে ২০ জন সাক্ষীর তালিকা জমা দেওয়ার জন্য ট্রাইব্যুনালের নির্দেশ ছিল। তাজুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, প্রস্তুতির অভাবে আসামিপক্ষ নির্ধারিত দিনে সাফাই সাক্ষীদের তালিকা জমা দিতে পারেনি।