জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে দুটি মামলা
রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে আজ শুক্রবার শাহবাগ ও উত্তরা থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) নাসিম। উত্তরা থানায় দায়ের করা মামলাটি করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহ্বায়ক মো. মোমিনুর রহমান। খবর ইউএনবি।শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের ফলে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত হতে পারে এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তাহেরের বক্তব্য প্রধানমন্ত্রীসহ যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য হুমকিস্বরূপ বলে অভিযোগ করা হয়েছে উত্তরা থানার মামলায়।সরকার সবকিছুতেই বাড়াবাড়ি করছে মন্তব্য করে তাহের বলেছিলেন, ‘ফোর্স রিজার্ভ আছে। যথাযথ সময়ে যথাযথ ব্যক্তি ও সরকারের উপর প্রয়োগ করা হবে।’ গত বুধবার ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যত্ বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রেসক্লাবে এ কথা বলেছিলেন তাহের।