জামায়াত নেতা নিজামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৎকালীন শিল্পসচিব অস্ত্র খালাসের ঘটনায় নিজামীকে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করার অনুরোধ করেন। কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেনচট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় বিগত চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন আদালত। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী গতকাল বুধবার বিকেলে এই আদেশ দেন। ১০ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত মামলায় নিজামীকে গ্রেপ্তার ও কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী গতকাল সকালে আদালতে দুটি আবেদন করেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি।সিআইডির আবেদনে বলা হয়, সিইউএফএল জেটিঘাটে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ খালাসের ঘটনায় শিল্প মন্ত্রণালয়কে জড়িয়ে পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশিত হয়। বিষয়টি তৎকালীন শিল্পসচিব শোয়েব আহম্মদের দৃষ্টিগোচর হয়। তিনি শিল্পমন্ত্রী নিজামীকে মন্ত্রণালয় থেকে আলাদা তদন্ত কমিটি করে সিইউএফএলের দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছিলেন। তখন শিল্পমন্ত্রী বলেছিলেন, বিষয়টি সম্পর্কে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ অবগত আছে, সুতরাং সরকার সব বিষয়ে ব্যবস্থা নেবে। আবেদনে আরও বলা হয়, অধিকতর তদন্তে মনে হচ্ছে, সিইউএফএল জেটিঘাটে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ খালাসের বিষয়টি শিল্পমন্ত্রী নিজামী আগে থেকে জানতেন। তিনি ঘটনার সঙ্গে সিইউএফএলের কর্মকর্তা বা কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ তদন্তে আলাদা কমিটি গঠনের বিষয়টি সচেতনভাবে এড়িয়ে গেছেন। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেননি। আবেদনে বলা হয়, ঘটনার দিন রাতের বেলায় সিইউএফএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের (প্রশাসন) মৌন সম্মতির পরিপ্রেক্ষিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সিইউএফএল জেটিঘাটে ভেড়ে। মামলার আসামি হাফিজুর রহমান ও তাঁর অন্য সহযোগী আসামিরা বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালান করেন। এতে আরও বলা হয়, ঘটনার দিন রাতে শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. নুরুল আমিন সিইউএফএলের অতিথিকক্ষে ছিলেন। অতিরিক্ত সচিবের অবস্থানের সময় জেটিঘাটে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের খালাস-প্রক্রিয়া চলছিল। ২০০৪ সালের ২ এপ্রিল সকালে সিইউএফএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদারের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ আটকের খবর জেনে তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি বা পরে সিইউএফএল থেকে ঢাকায় ফিরে ঘটনা সম্পর্কে শিল্প মন্ত্রণালয়ে কোনো প্রতিবেদন দেননি। তাঁর এ নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে শিল্পমন্ত্রী নিজামী কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে নীরব ছিলেন। আবেদনে আরও বলা হয়, জেটিঘাটে অস্ত্র খালাস সম্পর্কে ২০০৪ সালের ৩ এপ্রিল সিইউএফএল কর্তৃপক্ষ বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কর্তৃপক্ষের কাছে যে প্রতিবেদন দিয়েছে তাতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিষয়টি উল্লেখ ছিল না। মূল ঘটনাকে আড়াল করে শুধু ‘মালামালগুলো’ পুলিশ ট্রাকে তুলে নিয়ে গেছে মর্মে দায়সারা প্রতিবেদন দাখিল করা হয়।আবেদনে বলা হয়, ঘটনার পরে নিজামীর কার্যক্রম দেখে মনে হয়েছে, তিনি ঘটনা সম্পর্কে আগে থেকে জানতেন। এ কারণে তিনি সিইউএফএলের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। বরং এ বিষয়ে তিনি সব সময় নীরব ছিলেন। ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়টি অধিকতর তদন্তে প্রতীয়মান হচ্ছে। তাই তাঁকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারার মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।জিজ্ঞাসাবাদের জন্য আবেদন: মতিউর রহমান নিজামী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তাঁকে দশ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান আইনে করা দুটি মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা দরকার। বর্তমান পরিস্থিতিতে তাঁকে ঢাকা থেকে পুলিশ পাহারায় চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মামলাগুলো-সংক্রান্ত অধিকতর তদন্তের প্রয়োজনে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করা দরকার। নিজামীকে আজ সেফ হোমে জিজ্ঞাসাবাদ: আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার নিজামীকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ৮ মে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে এবং ১২ মে দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য রয়েছে। এ ছাড়া ১০ মে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে।তদন্ত সংস্থার সদস্য মো. রাজ্জাক খান প্রথম আলোকে বলেন, নিজামীকে আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে। জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিজামীকে জিজ্ঞাসাবাদের সময় আমি সেফ হোমে উপস্থিত থাকব।’গত ২১ এপ্রিল তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এক দিনের জন্য নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন।