জামায়াত নেতা মীর কাশেম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ রাত নয়টার দিকে মীর কাশেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা মীর কাশেম আলীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আজ রোববার বিকেল রাষ্ট্রপক্ষের আইনজীবী রানাদাশগুপ্ত সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল মীর কাশেম আলীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কাল সোমবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং এ-সংক্রান্ত মামলার কার্যক্রম চলবে।এর আগে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা মীর কাশেম আলীকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। বিকেল চারটা ১০ মিনিটে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। আজ বেলা পৌনে চারটার দিকে মতিঝিলের দিগন্ত মিডিয়া কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মীর কাশেম আলীকে গ্রেপ্তারের নির্দেশ দেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। মীর কাশেম আলীকে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বেলা দুইটায় শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাসগুপ্ত বলেন, মীর কাশেম আলী প্রভাবশালী লোক হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন। শুনানি শেষে ট্রাইব্যুনাল মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।