জামায়াত নেতাকে ছাড়াতে থানায় আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের হাতে আটক জামায়াতের নেতাকে ছাড়িয়ে নিতে তদবির করতে দেখা গেছে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নিকবার আলী মোল্লাকে। আজ মঙ্গলবার দুপুরে গোয়ালন্দঘাট থানায় তদবির করতে দেখা যায় তাঁকে।পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে গতকাল সোমবার রাতে রাজবাড়ী শহরে জামায়াত-শিবির মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশ সুপারের উপস্থিতিতেই জামায়াত-শিবিরের হামলায় সদর থানার ওসি আবদুর রাজ্জাক, এসআই জাফর আলীসহ পুলিশের আরও তিন সদস্য আহত হন। এ ঘটনার পর জেলার সব স্থানে পুলিশ অভিযান শুরু করে।পুলিশ আরও জানায়, আজকের হরতালে জামায়াত-শিবির যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে জন্য অভিযান চলতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্বাস আলী মোল্লাকে ছোট ভাকলার কদমতলীর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেন এসআই ফিরোজ আহাম্মেদ। গ্রেপ্তারের বিষয়টি জানার পর সংবাদকর্মীরা থানায় তথ্য নেওয়ার জন্য যান। এ সময় থানায় উপস্থিত হন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নিকবার আলী মোল্লা। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করে জামায়াতের নেতাকে ছাড়িয়ে নেয়ার জন্য তদবির শুরু করেন। ওসি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টিসহ জামায়াতের নাশকতার ব্যাপারে বোঝাতে চেয়েও ব্যর্থ হন। এ সময় উপস্থিত এ প্রতিবেদকের সামনেই আওয়ামী লীগের নেতা বারবার বলতে থাকেন, তাঁর (আব্বাস আলী) স্কুলের বাচ্চারা কান্নাকাটি করছে, এখান থেকেই ছাড়তে হবে। এ ছাড়া আব্বাস আলী মোল্লা আগে জামায়াত করতেন, এখন করেন না বলেও বোঝাতে থাকেন তিনি। সাংবাদিকদের নিকবার আলী বলেন, ‘আব্বাস আলী মোল্লা আমার স্কুলের একজন শিক্ষক। আমি ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি। তাঁকে গ্রেপ্তার করে আনার সময় স্কুলের ছেলেমেয়েরা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তাদের দিকে তাকিয়ে আমি বিষয়টি সহ্য করতে পারিনি।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের বিচার আমিও চাই। কাল বুধবারের মধ্যে আমি সব জামায়াত নেতার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ ওসি আবুল বাসার বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি। এখানে তাঁদের (নিকবার) মতো জ্যেষ্ঠ নেতাদের তদবির করতে আসা উচিত হয়নি। এ ছাড়া তদবির করতে কে এলেন, এটা আমার দেখার বিষয় নয়। তাঁকে (জামায়াত নেতা) গ্রেপ্তারের পরপরই রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে চালান করে দিয়েছি।’ এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী বলেন, ‘এটা তাঁর (নিকবার) মোটেও উচিত হয়নি। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা হয়ে কীভাবে তিনি তদবির করতে গেলেন, এটা আমার বোধগম্য নয়।’উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা বলেন, ‘বিষয়টি দুঃখজনক। একজন সরকারদলীয় নেতা হিসেবে তাঁর (নিকবার) কাছ থেকে এটি আশা করা যায় না।’