জামায়াত নেতাদের দুই আবেদনের ওপর আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ নেতার পক্ষে করা দুটি পৃথক আবেদনের ওপর আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে কারাগার থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁদের আইনজীবী তাজুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁদের আনা-নেওয়ার জন্য যেকোনো সুবিধাজনক যানবাহন ব্যবহারের আদেশ দেন। গত ২০ এপ্রিল ট্রাইব্যুনাল জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বারডেমে নিয়ে চিকিত্সার আদেশ দিয়েছিলেন। সে আদেশ অনুযায়ী গতকাল তাঁকে বারডেমে নেওয়া হয়। কিন্তু ট্রাইব্যুনালের আদেশে ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের নাম উল্লেখ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিত্সা দিতে অস্বীকৃতি জানায় বলে তাঁর আইনজীবী তানভীর আহমেদ আল আমিন জানান। তিনি ইব্রাহিম কার্ডিয়াকের বিষয়টি উল্লেখ করতে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল প্রয়োজন অনুসারে সাঈদীকে ইব্রাহিম কার্ডিয়াকে চিকিত্সা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এ ছাড়া ২৪ মে তদন্ত সংস্থার সদস্য এম সানাউল হকের বিরুদ্ধে জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামের করা ট্রাইব্যুনাল অবমাননার আবেদনটির শুনানি হবে।