জামায়াত নেতাদের বিচারের জন্য সরকার আইন করছে: আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের বিচার করার জন্য যে ধরনের আইন করা দরকার, সরকার তা-ই করছে। এটা আইনের শাসন নয়। এভাবে জামায়াত বা জামায়াতের আন্দোলনকে খতম করতে পারবেন না।’আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সরকারের উদ্দেশে এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে শাহবাগ থানা জামায়াত এ সভার আয়োজন করে। গত ২৮ অক্টোবর সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এর কার্যবিধি সংশোধন করে ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়েছে। এই বিষয়টি উল্লেখ করে এ টি এম আজহার এসব কথা বলেন। এ টি এম আজহার অভিযোগ করেন, ট্রাইব্যুনালের নামে অন্যায়ভাবে জামায়াতের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘হত্যা তো দূরের কথা, তাঁরা কারও সঙ্গে খারাপ আচরণও করেননি। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই মামলা হচ্ছে।’ সভায় ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাংসদ হামিদুর রহমান আযাদ, পল্টন থানা জামায়াতের আমির শফিকুল ইসলাম, শাহবাগ থানা জামায়াতের আমির হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।