একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর পাঁচজন শীর্ষস্থানীয় নেতার পক্ষে বিদেশি আইনজীবী আনতে অনুমতি চেয়ে করা আবেদন নাকচ হয়েছে। আজ শনিবার বিকেলে বার কাউন্সিলের নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সদস্য আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, জেড আই খান পান্না, পরিমল চন্দ্র গুহ, মো. ইস্রাফিল, মো. ইয়াহিয়া, মো. আনোয়ারুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। জানতে চাইলে এ ব্যাপারে সন্ধ্যায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, তিনজন বিদেশি আইনজীবী আনার অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি দেওয়া হয়নি। কারণ, বার কাউন্সিল বিধিবদ্ধ সংস্থা। বাংলাদেশের নাগরিক না হওয়ায় ও বার কাউন্সিলের সনদ না থাকায় আবেদন নাকচ হয়েছে। বিধি অনুসারে তাঁদের (বিদেশি আইনজীবী) বাংলাদেশে আইন পেশা পরিচালনার সুযোগ নেই। সভা সূত্র জানায়, এ বিষয়ে সভার সিদ্ধান্তে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ সংস্থা। এ সংস্থা রাষ্ট্রপতির আদেশ নং: ৪৬/১৯৭২ অনুসারে পরিচালিত হয়। এই আইনে বাংলাদেশের নাগরিক ছাড়া বাংলাদেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার জন্য কাউকে (বিদেশি) সনদ বা অনুমতি দেওয়ার বিধান নেই। এমনকি বাংলাদেশ বার কাউন্সিলের পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ না হলে কাউকেই সনদ দেওয়ার সুযোগও নেই। তাই জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে তাঁদের আইনজীবীরা যেসব বিদেশি নাগরিকদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার অনুমতি প্রার্থনা করেছেন, সে প্রার্থনা মঞ্জুর করার কোনো ক্ষমতা বার কাউন্সিলের নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ জুলাই পাঁচ নেতার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী দিয়ে আইনি লড়াই পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করা হয়। তাঁরা হলেন—আইনজীবী স্টিভেন কিউসি, জন ক্যামেগ ও টবি ক্যাডম্যান। জামায়াতের নেতাদের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম, মুন্সী আহসান কবির, ফরিদ উদ্দিন আহমেদ ও তানভীর আহমেদ আল-আমিন ওই আবেদন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের পাঁচ নেতা হলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামরুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। তাঁদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।