মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ স্থানীয় চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইনসিদ্ধ হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও বিধিমালা অনুসরণ করেছেন। অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলমসহ সংশ্লিষ্ট আইনজীবীরা এ অভিমত দিয়েছেন।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সুষ্ঠু তদন্তে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৬ জুলাই জামায়াতের চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। তাঁরা হলেন—জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। ২ আগস্ট এই পরোয়ানা জারি নিয়ে প্রশ্ন তোলেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হক। তিনি বলেন, ‘১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১(৫) ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল অভিযোগ (চার্জ) গঠন না করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন না। আমার জানামতে, ট্রাইব্যুনাল এখন পর্যন্ত কোনো আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেননি।’পরদিন ৩ আগস্ট আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে আইন মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। আসামিপক্ষের কৌঁসুলিরা যাতে বিচার-প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারেন, সে বিষয়টি আলোচনায় স্থান পায় বলে বৈঠক সূত্রে জানা যায়।বৈঠক শেষে ওই দিন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, ‘আমরা পর্যালোচনা করে দেখেছি, এতে ট্রাইব্যুনালের আইন ও কার্যপ্রণালি বিধির কোনো ব্যত্যয় ঘটেনি। ট্রাইব্যুনাল যা কিছু করেছেন, আইনসিদ্ধ হয়েছে।’ বৈঠক শেষে আনিসুল হকের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘একজন আইনজীবী হিসেবে তিনি এ বক্তব্য রেখেছেন। এটা তাঁর একান্ত ব্যক্তিগত মত। যদি কেউ ট্রাইব্যুনালের আইন ও বিধি চ্যালেঞ্জ করে, আমরা আইনগতভাবে তা আদালতে মোকাবিলা করব। তবে তা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।’যোগাযোগ করা হলে গতকাল শনিবার ট্রাইব্যুনালের একজন সদস্য প্রথম আলোকে বলেন, আইন ও বিধি অনুসরণ করেই পরোয়ানা জারি করা হয়েছে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলতাফ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১(৫) ধারার পরিপন্থী কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল। ধারাটি বিশ্লেষণ করে তিনি বলেন, ওখানে অভিযোগ গঠনের (চার্জ ফ্রেম) কথা বলা হয়নি। বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনের ৩(২) ধারায় কোনো অভিযোগ থাকলে ট্রাইব্যুনালের যেকোনো সদস্য ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আটকাদেশ এবং অভিযুক্ত ব্যক্তি যদি আটক অবস্থায় থাকেন, তা অব্যাহত রাখার আদেশ দিতে পারবেন। আনিসুল হকের বক্তব্য বিভ্রান্তিকর এবং ওই আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার সহায়ক মঞ্চের সদস্যসচিব আইনজীবী তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১ ধারায় ছয়টি উপধারায় ট্রাইব্যুনালের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। বিভিন্ন দেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনালের কার্যক্রমের দুটি পর্যায় দেখা যায়। একটি হচ্ছে শুনানি পর্ব, অপরটি শুনানিপূর্ব (প্রি-ট্রায়াল চেম্বার) পর্যায়। কিন্তু আমাদের আইনে শুনানিপূর্ব প্রক্রিয়ার বিষয়ে বলা নেই। শুনানিকালে ক্ষমতার বিষয়ে ১১ ধারায় বলা হয়েছে। তবে শুনানিপূর্ব বিষয়ে বলা হয়েছে বিধিমালায়। মূল আইনের ২২ ধারা অনুসারে ট্রাইব্যুনাল ওই বিধিমালা প্রণয়ন করেছেন। বর্তমানে অপরাধের বিচার শুনানিপূর্ব পর্যায়ে রয়েছে। তাই মূল আইন অনুসারে তৈরি করা বিধির ৯(১)-এর আলোকে ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তা আইনসম্মত হয়েছে।