জামায়াত নেতার দাবি নারী নিজের কারণেই উত্ত্যক্ত হয়!
নারী নিজের কারণেই উত্ত্যক্ত হয়! জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এমনটিই মনে করেন। পয়লা বৈশাখের রাতের অনুষ্ঠানে কেন নারী যাবে—এমন প্রশ্নও রেখেছেন তিনি।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত ‘নারীর নিরাপত্তা: সরকারের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় জামায়াতের নেতা এসব কথা বলেন। তবে কামারুজ্জামানের বক্তব্যের বিরোধিতা করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নারীর পোশাকের জন্য তাকে আক্রমণের শিকার হতে হবে এটি ঠিক নয়। এটি আসলে মানসিকতার ব্যাপার।’আলোচনায় বখাটেদের উত্ত্যক্ত করার বিষয় জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামান বলেন, সমাজে নারীদের উত্ত্যক্ত করার ঘটনা ক্রমেই বাড়ছে। সমাজ এ অবস্থায় কেন এসেছে? পয়লা বৈশাখের ওই রাতে মেয়েদের ওখানে যেতেই হবে কেন? চলনে-বলনে আরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে। কামারুজ্জামান বলেন, ‘নারীর ক্ষমতায়ন আমরাও চাই, কিন্তু তা নারীকে নারীর জায়গায় রেখে ক্ষমতায়ন করতে হবে। নারীকে পণ্য বানিয়ে ক্ষমতায়ন নয়। সেচের বিজ্ঞাপনেও নারীকে আনা হচ্ছে। এটি কীসের আলামত!’প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কারও পোশাক খারাপ হলেই যে তাকে আক্রমণের শিকার হতে হবে, এটি ঠিক না। পোশাক-আশাক, চাল-চলন নারী নির্যাতনের একমাত্র কারণ হতে পারে না। তাহলে তো পশ্চিমা বিশ্বের নারীদের পোশাক আরও খোলামেলা। অন্যান্য দেশেও নারীরা অনেক স্বাধীন হয়ে চলাফেরা করে। অনুষ্ঠানসহ সবই উদ্যাপন করে। কিন্তু তাদের তো এমন আক্রমণের শিকার হতে হয় না। আসলে এটি মানসিকতার ব্যাপার। মানসিকতার পরিবর্তন করতে হবে।’মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিনিয়ত মানবতাবিরোধী অপরাধ হয়। এ জন্য শুধু নয় মাসের অপরাধের বিচারের জন্য আলাদা আদালত করার যুক্তি নেই। এই আদালতের মতলব আছে।’নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনার বিএনপির সাংসদ শাম্মী আক্তার, দলটির সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ, জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজিয়া আক্তার প্রমুখ বক্তব্য দেন।