জামায়াত নেতার বাড়িতে অভিযান, গ্রেপ্তার আরও ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় উসকানিদাতা স্থানীয় জামায়াত নেতা বেলাল হোসেনের বাড়িতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে আটক করা যায়নি। এদিকে, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।পুলিশ কর্মকর্তারা জানান, ভুজপুর ইউনিয়ন জামায়াত সদস্য বেলাল হোসেন বৃহস্পতিবার দুপুরে কাজীরহাট মসজিদের মাইক থেকে উসকানিমূলক ঘোষণা দিয়ে গ্রামবাসী ও স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করে তোলেন। এর পরই গ্রামবাসী ও মাদ্রাসার ছাত্র এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চারদিক থেকে ঘেরাও করে আওয়ামী লীগের মিছিলে হামলা চালান। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন নিহত এবং আরও শতাধিক নেতা-কর্মী আহত হন। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবারের ঘটনার পর থেকে বেলাল পলাতক রয়েছেন। গত শুক্রবার রাতে ভুজপুর গ্রামে তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু তাঁকে ধরা যায়নি।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘মাইকে ঘোষণা দিয়ে উসকানি ছড়ানো ব্যক্তিটি বেলাল হোসেন বলেই পুলিশ প্রশাসন নিশ্চিত হয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।আটক: পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে জামায়াত-শিবিরের আরও আটজনকে আটক করে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার পর্যন্ত আটকের সংখ্যা ৪২ জনে দাঁড়ায়। পরে যাচাই-বাছাই করে ৩১ জনকে গ্রেপ্তার দেখানো হয়।ওসি প্রত্যাহার: ভুজপুর থানার ওসি শামসুদ্দীন ভুঁইয়াকে গতকাল প্রত্যাহার করা হয়েছে। ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতারা তাঁকে (ওসি) জানিয়ে ভুজপুরে মিছিল নিয়ে যান। এরপর যা ঘটেছে, এর দায় ওসির ওপরেই পড়ে।তদন্ত কমিটি: ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য চার সদস্যের মধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন।জেলা প্রশাসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।হেফাজতের বিবৃতি: ভুজপুরের হামলার ঘটনায় হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে সংগঠনটি। গতকাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, শামসুল আলম, আবদুল মালেক হালিম, চট্টগ্রাম মহানগর সভাপতি তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দেশের কোথাও হেফাজতে ইসলামের কর্মসূচি ছিল না।বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় ভুজপুর মাদ্রাসার ফটক বন্ধ করে দেওয়া হয়। ছাত্র-শিক্ষকেরা মাদ্রাসার ভেতরেই অবস্থান করছিলেন। মাদ্রাসার মুহতামিম ভ্যানগাড়িতে মাইক লাগিয়ে এলাকাবাসীকে শান্ত ও সংযত থাকার ঘোষণা দিয়েছিলেন, যা ঘটনাস্থলে উপস্থিত সবাই শুনেছেন।