জামায়াত নেতার রিমান্ড মঞ্জুর করায় বিচারকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিচারিক হাকিম আদালত গতকাল বুধবার জামায়াতে ইসলামীর এক নেতার রিমান্ড মঞ্জুর করায় আসামি পক্ষের আইনজীবীরা বিচারকের ওপর হামলা চালিয়েছেন। হামলাকারীরা আদালতের ভেতর কাগজপত্র তছনছ করেন। এ ঘটনায় আদালতের কার্যক্রম এক ঘণ্টা বন্ধ ছিল।আদালতে উপস্থিত আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে অস্ত্র আইনে মামলার শুনানিতে জেলার বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী। আসামি পক্ষের আইনজীবীরা এ রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রদীপ কুমার রায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এতে আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর, লোকমান হাকিম, মাসুদসহ কয়েকজন তীব্র প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে বিচারকের দিকে স্কেল, ফাইল, ডায়রি ছোড়েন। হামলা থেকে রেহাই পেতে বিচারক আদালতের মুখ্য বিচারিক হাকিমের কক্ষে গিয়ে আশ্রয় নেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা আদালতের বিভিন্ন ফাইল তছনছ করেন। পরে এ ঘটনায় আদালতের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক আইনজীবীরা পরস্পর তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন।ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনজীবী হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, আসামির ডাক্তারি পরীক্ষার পর রিমান্ড মঞ্জুর করার দাবি করেছিলাম। কিন্তু বিচারক মৌখিকভাবে রিমান্ড মঞ্জুর করার নির্দেশ দিলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।এ ব্যাপারে জেলা জজ আদালতের পিপি আব্দুর রহমান জানান, ঘটনাটি দুঃখজনক। বিচারক প্রদীপ কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা জেলা জজের কাছে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানান, ৮ জানুয়ারি স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সংঘর্ষের পর দেশীয় অস্ত্রসহ আরিফুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। ওই দিনই ইথার আহমেদ নামে এক ব্যক্তি আরিফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।জানা যায়, ওই ঘটনায় গত সোমবার জামায়াতের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি ওই মামলাকে সাজানো হিসেবে দাবি করে।