জামায়াত-পুলিশ সংঘর্ষ, ১৩ গাড়িতে আগুন
রাজধানীসহ সারা দেশে আজ সোমবার জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৩৮ জন সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় ঢাকা ও ঢাকার বাইরে থেকে মোট ১৫৯ জনকে পুলিশ গ্রেপ্তার করে।রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় আজ বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের ৩৮ জন সদস্যসহ কমপক্ষে ৭০ জন আহত হন। তাঁদের মধ্যে ১৬ জন ঢাকা মেডিকেলে চিকিত্সা নেন। সংঘর্ষের সময় মারমুখী জামায়াত-শিবিরের কর্মীরা মুখে কাপড় বেঁধে ও হেলমেট পরে কাকরাইলের পুলিশ বুথে আগুন ধরিয়ে দেন। তাঁরা পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল ও শান্তিনগর এলাকায় পুলিশের পাঁচটিসহ ১৩টি গাড়ি জ্বালিয়ে দেন। এ সময় ভাঙচুর করা হয় আরও অর্ধশত গাড়ি। জামায়াত-শিবিরের কর্মীদের এই কর্মকাণ্ডে পুরো এলাকায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়, সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩৮ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। একজনকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ ও জামায়াতের শীর্ষ পাঁচ নেতার মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ডাক দেয় জামায়াত। গত ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে জামায়াতের পক্ষ থেকে সারা দেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে জামায়াতের কর্মসূচি হলেও দলের অঙ্গসংগঠন ছাত্রশিবিরের শত শত কর্মী এতে যোগ দেন। কর্মসূচির আগে তাঁরা কাকরাইল এবং এর আশপাশের এলাকায় গোপনে লাঠিসোঁটা জোগাড় করে রাখেন। কে কোথায় অবস্থান নেবে, তা-ও ঠিক করে রাখা হয়।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বিকেল সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবিরের কয়েক হাজার কর্মী কাকরাইলের আঞ্জুমান মফিদুল ইসলামের প্রধান কার্যালয়সহ আশপাশের এলাকায় প্রথমে জড়ো হন। তাঁরা সবাই ছিলেন মারমুখী অবস্থানে। বিকেল চারটার দিকে তাঁরা মিছিল শুরু করেন। এরপর মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। কিন্তু এতে মিছিল ছত্রভঙ্গ হওয়া তো দূরের কথা উল্টো মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালাতে শুরু করেন তাঁরা। এ সময় কাকরাইল মোড়ে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন জামায়াতের কর্মীরা। একই সময়ে আরেকটি দল বিজয়নগরের কাছে একটি জিপ, একটি কাভার্ড ভ্যান ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর স্কাউট ভবনের মোড়ে পুলিশের বিশেষ শাখার একটি গাড়িতে আগুন দেওয়া হয়। একই সঙ্গে একটি একটি বাস, পুলিশের একটি জিপ ও একটি পিকআপে আগুন দেওয়া হয়। জাতীয় রাজস্ব ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসও জামায়াত-শিবিরের কর্মীরা জ্বালিয়ে দেন।একপর্যায়ে কাকরাইল মসজিদের সামনের চত্বর থেকে পুলিশকে লক্ষ্য করে জামায়াতের নেতা-কর্মীরা কর্মীরা ইটপাটকেল ছুুড়তে থাকেন। পুলিশ তাঁদের ধাওয়া করে কাকরাইল মোড়ের দিকে নিয়ে যায়। এ সময় বিভিন্ন মোড়ে লুকিয়ে থাকা নেতা-কর্মীরা পিছন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ আবার পিছনে ফিরে একটি কাঁদানে গ্যাস শেলবাহী গাড়ি নিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মীকে আটকও করা হয়। গোটা পঞ্চাশেক নেতা-কর্মী পুলিশের ধাওয়া খেয়ে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয়। সেখানে তাঁরা মিছিল করতে থাকলে তাঁদেরও ধাওয়া করে পুলিশ।একজন প্রত্যক্ষদর্শী জানান, জামায়াতের কর্মীদের হামলায় টিকতে না পেরে একদল পুলিশ কাকরাইল মোড়ে রূপায়ণ করিম টাওয়ারের ভেতরে আশ্রয় নেয়। এরপর জামায়াতের শত শত কর্মী সেখানে হামলা চালান। তাঁরা বহুতল এ ভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাইরে থেকে তাঁরা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।আরেক প্রত্যক্ষদর্শী জানান, এভাবে বিজয়নগর থেকে শুরু করে কাকরাইল মোড় হয়ে জনস্বাস্থ্য প্রকৌশল ভবন ও উত্তরে শান্তিনগর বাজার পর্যন্ত এলাকা পুরো রাস্তা জামায়াতের কর্মীরা দখলে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন। নয়াপল্টনের রাস্তাতেও তাঁরা অবস্থান নেন।প্রায় এক ঘণ্টা এই নৈরাজ্যকর পরিস্থিতির পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আনা হয়। পুলিশের একটি দল দাঙ্গা দমন গাড়ি ও সাঁজোয়া যান নিয়ে আসে। পুলিশ একযোগে অভিযান চালিয়ে এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ সময়ে পুলিশের ধাওয়া খেয়ে জামায়াতের কর্মীরা আঞ্জুমান ভবন, ইসলামী ব্যাংক হাসপাতাল, ফরিদপুর ম্যানসন, এইচ আর ভবন ও জনশক্তি কর্মসংস্থানের ভেতরে অবস্থান নেন। তবে এ সময় পুলিশ ওইসব ভবনে কোনো অভিযান না চালিয়েই ফিরে আসে। এতে জামায়াতের কর্মীরা আবার পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।অভিযানে অংশ নেওয়া পুলিশের এক সদস্য প্রথম আলোকে বলেন, জামায়াতের কর্মীরা এভাবে পরিকল্পিত হামলা চালালেও পুলিশের কোনো প্রস্তুতি ছিল না। পুলিশ বসে বসে মার খেয়েছে।বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি শান্তি হয়ে আসতে থাকে। এরপর দমকলের গাড়ি এসে রাস্তার গাড়িগুলোতে পানি ছিটানোর চেষ্টা করে। তবে দমকল আসার আগেই সব গাড়ি পুড়ে যায়। পুলিশের রেকার রাস্তা থেকে পোড়া গাড়িগুলো সরাতে শুরু করে। এভাবে সন্ধ্যা ছয়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।জামায়াতের ব্রিফিং: জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত আজকের ঘটনার জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেছে।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে পুলিশের পেটোয়া বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে চরমভাবে দমন করেছে। আজহার বলেন, ‘আজ যা হয়েছে, তা গণবিস্ফোরণের একটি নমুনা। দেশ গণতন্ত্রের বিজয়ের দিকে যাচ্ছে।’পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অস্বীকার করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, ‘কে বা কারা ভাঙচুর করেছে, জানি না। এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্কও নেই।’জামায়াত দাবি করেছে, আজকে ঘটনায় ঢাকায় ৪০০ জন আহত এবং অন্তত তিন থেকে ৪০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি জানান, বিভিন্নস্থানে এখনো গ্রেপ্তার অভিযান চলছে।এ সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন