পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে গতকাল শনিবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন।এদিকে টাঙ্গাইলে শিবিরের সাবেক এক নেতার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাঁর পরিচয় জানা যায়নি। পাবনা: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাবনায় জামায়াতের আধা বেলা হরতালের সমর্থনে সকাল ছয়টা থেকে নেতা-কর্মীরা বাঙ্গাবাড়ীতে পাবনা-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের অবরোধ তুলে নিতে বলে। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষ পাল্টাপাল্টি গুলি ছোড়ে। প্রায় ঘণ্টা খানেক গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এঁরা হলেন: সদর উপজেলার ধর্মগ্রাম এলাকার আলাল আমিন (২০) ও হরি নারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলাম (২৩)। পুলিশ ২৩ জনকে আটক করেছে। পাবনা শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। আহত ব্যক্তিদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গুলিবিদ্ধ একজনসহ পুলিশের তিনজন সদস্যকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) খন্দকার শামীম আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫০টি গুলি ছোড়া হয়েছে। ৪৬টি কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়েছে। হরতাল, সমর্থকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেছেন। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছুড়েছে। জামায়াতের কর্মসূচি: নিহত দুই ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে কাল সোমবার বিক্ষোভ মিছিল ও মঙ্গলবার দোয়া দিবসের কর্মসূচি দিয়েছে পাবনা জেলা জামায়াত। গতকাল বিকেলে জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আ. রউফ ই-মেইল বার্তায় এ কথা জানান। গত শুক্রবার জামায়াত-শিবির গণজাগরণ মঞ্চ ভাঙচুর করলে এর প্রতিবাদে আওয়ামী লীগ ও প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-শিবির নিয়ন্ত্রিত কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর করেন। এর প্রতিবাদে হরতাল ডেকেছিল জামায়াত। টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া সড়কে গতকাল শিবিরের সাবেক এক নেতার পরিচালিত কসমস কম্পিউটার সেন্টারে আগুন দেওয়া হলে একজন নিহত ও নয়জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ১৪ দলের পতাকা মিছিল কম্পিউটার সেন্টারের কাছ দিয়ে যাওয়ার সময় সেখানে হামলার ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। একপর্যায়ে কম্পিউটার সেন্টারে আগুন ও ব্যাপক ধোঁয়া দেখা যায়। এতে সেন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ সময় আরও নয়জন অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এলে মিছিলকারীরা তা ভাঙচুর করে। জেলা ছাত্রলীগ দাবি করেছে, অগ্নিদগ্ধ হয়ে আহত ব্যক্তিরা সবাই তাদের সংগঠনের নেতা-কর্মী। আহত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহসভাপতি শহীদ সিদ্দিকী আছেন। তাঁকেসহ অন্তত চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাত্রলীগের অভিযোগ, কম্পিউটার সেন্টার থেকে মিছিলে আগুনের গোলা ছুটে আসে। এ সময় কয়েকজন নেতা-কর্মী ওই কম্পিউটার সেন্টারে গেলে তাঁদের আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। টাঙ্গাইল সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, একটি লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।