জামায়াত বাংলাদেশের গণতন্ত্রের জন্য হারাম: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াতে ইসলামী এবং তাদের মতো যেসব দল জঙ্গিবাদের সঙ্গে জড়িত, সেসব দল বাংলাদেশের গণতন্ত্রের জন্য হারাম। আজ সোমবার বিকেলে রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘জামায়াতের জঙ্গিসম্পৃক্তি এবং যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত মাসে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবিহারে হামলার ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এখনো বাংলাদেশে জঙ্গিবাদের বিষদাঁত ভেঙে দেওয়া যায়নি। রামুর ঘটনার সঙ্গে জামায়াত জড়িত, সঙ্গে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্ব জড়িত। তাই সাম্প্রদায়িক শক্তিকে বিদায় করতে হবে। আর এই সিদ্ধান্ত দেশবাসীকেই নিতে হবে।’ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘এ বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার দেখতে চাই। এই যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করায় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে হারানোর জন্য মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের মতো অনেক প্রতিষ্ঠান এ জন্য অর্থায়ন করছে। জামায়াতের সহায়তায় এসব হচ্ছে। কিন্তু এ ব্যাপারে আওয়ামী লীগের নেতারা সচেতন নন।’ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আওয়ামী লীগ ম্যান্ডেট অনুযায়ী কাজ করেনি। প্রশাসনের ওপর তাদের কর্তৃত্ব নেই। তিন-চার মাস পর আরও থাকবে না।আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও আইনজীবী তুরিন আফরোজ।