জামায়াত-বিএনপির রাজনীতির কবর হবে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত মরিয়া হয়ে উঠেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে। তারা যত হামলা করুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। ইতিমধ্যে বাচ্চু রাজাকারের বিচারের রায় হয়েছে। অন্য যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে এ দেশে জামায়াত ও বিএনপির রাজনীতির কবর রচিত হবে।’আজ সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের শোকসভায় হানিফ এসব কথা বলেন। ফারুক আহমেদের হত্যার রহস্য উদঘাটনে সবার সহযোগিতা প্রত্যাশা করে হানিফ বলেন, ‘জঘন্য এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়েই টাঙ্গাইলে হত্যার রাজনীতির অবসান ঘটাতে চাই।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খানের সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আহম্মেদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, সাংসদ খন্দকার আসাদুজ্জামান, শওকত মোমেন শাহজাহান, খন্দকার আবদুল বাতেন, একাব্বর হোসেন ও আমানুর রহমান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। এর আগে আওয়ামী লীগের নেতারা শহরের কলেজপাড়ায় ফারুক আহমেদের বাসায় যান। সেখানে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের তাঁরা সান্ত্বনা দেন। এরপর নেতারা কেন্দ্রীয় কবরস্থানে ফারুক আহমেদের কবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।ফারুক আহমেদ ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ায় নিজ বাসার সামনে আঁততায়ীর গুলিতে নিহত হন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।